শাহরিন জে হক। গান করার পাশাপাশি একাধারে সুর ও কথা লেখেন তিনি। সম্প্রতি তার দুটি গান ইউটিউবে রিলিজ দিয়েছেন তিনি। এরমধ্যে ‘বাবা’ শিরোনামে গানটির মধ্য দিয়ে বেশ সাড়া পেয়েছেন শাহরিন। এছাড়াও মাহমুদ উন নবীর ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছো’ গানটির কাভার করেছেন তিনি। গানটির মিউজিক ভিডিও করার পরিকল্পনা রয়েছে তার।
এছাড়াও আরো বেশকিছু নতুন গান নিয়ে চলছে শাহরিনের ব্যস্ততা। গানের পাশাপাশি নিয়মিত কবিতা লেখেন শাহরিন। সম্প্রতি কলকাতার একটি প্রতিযোগিতায় নিজের কবিতা আবৃত্তি করে পুরস্কারও অর্জন করেন। মূলত পেশায় একজন ইন্টেরিউর ডিজাইনার শাহরিন। শখের বসে সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ তার।
এ প্রসঙ্গে শাহরিন বলেন, ‘লেখালেখির অভ্যাসটা অনেকদিন থেকে। ভালোলাগা থেকে কবিতা লিখি। পাশাপাশি গান ও গল্প। যেহেতু পেশা হিসেবে এই জায়গাটায় আমি বিচরণ করি না। তাই নিয়মিত কাজ ও খুব বেশি কাজ করা হয় না। তবে এখন পর্যন্ত যে কাজগুলো করেছি সেগুলোর সাড়া বেশ ভালো। আমার কাজ যখন মানুষের ভালো লাগে, সেটিই আমার অনুপ্রেরণা।’ গান বা কবিতার পর শাহরিন বর্তমানে পরিকল্পনা করছেন চলচ্চিত্র নিয়ে। চলচ্চিত্রটি গল্প এরইমধ্যে প্রস্তুত। যেটি লিখেছেন শাহরিন নিজেই। এখন তার পরিকল্পনা ছবিটি পরিচালনাও তিনি করতে চান। সেই প্রস্তুতি এরইমধ্যে চলছে। সবকিছু গোছানো হলেই ছবিটি বিস্তারিত গণমাধ্যমে বলবেন তিনি।
