২০১০ সালের ২৫ ডিসেম্বর সঞ্জীব চৌধুরীর জন্মদিনে প্রকাশ পায় দলছুট ব্যান্ডের ষষ্ঠ একক অ্যালবাম ‘আয় আমন্ত্রণ’। এরপর আর অ্যালবাম করেনি ব্যান্ডটি। প্রায় আট বছর পর নতুন অ্যালবামের কাজ শুরু করেছে। এরই মধ্যে শুরু হয়েছে রেকর্ডিং। শেষ হলেই অ্যালবামের নাম এবং অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে। ব্যান্ডের দলনেতা ও ভোকাল বাপ্পা মজুমদার বলেন, ‘অবশেষে দলছুটের কাজ শুরু করতে পেরে খুব ভালো লাগছে। দীর্ঘ সময় ধরে অনেকগুলো কথা ও সুর থেকে বাছাই করে সেরা গানগুলো অ্যালবামে অন্তর্ভুক্ত করছি। আমাদের নিজস্ব একটা ঢং আছে। সে আঙ্গিকেই গানগুলো সাজাচ্ছি। কথা-সুরে বৈচিত্র্য আনার চেষ্টা করছি। সংগীতায়োজনেও সবাই নিজেদের সেরাটা ঢেলে দিচ্ছেন। আমরা চাই গানগুলো মানুষের মাঝে ছড়িয়ে যাক।’
চলতি বছরই অ্যালবামটি প্রকাশ করতে চায় দলছুট। তবে কোন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে কিভাবে এটি প্রকাশ করা হবে তা জানতে ভক্ত-শ্রোতাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
