আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’। নোয়াখালীর একটি চর ও সেখানকার মানুষের জীবনের নানা গল্প উপন্যাসটির উপজিব্য বিষয়। এ উপন্যাস অবলম্বনে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল নির্মাণ করছেন ‘গাঙচিল’ সিনেমা। গত সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।
‘গাঙচিল’ সিনেমাটি প্রযোজনা করছেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল ও নায়ক ফেরদৌস। পরিচালক বলেন, ‘সিনেমাটির গল্প পড়ে নায়ক-নায়িকা হিসেবে ফেরদৌস ভাই এবং পূর্ণিমা আপুর কথা ভাবছিলাম। অবশেষে চুক্তি সইয়ের মধ্য দিয়ে সেই ভাবনার প্রতিফলন ঘটল।’
‘গাঙচিল’ সিনেমায় ফেরদৌসকে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। আসছে ডিসেম্বরের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরু হবে বলেও জানান এই নির্মাতা।
সম্প্রতি ফেরদৌস-পুর্ণিমা ‘জ্যাম’ নামের আরেকটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এ সিনেমাটিও নির্মাণ করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। অক্টোবর থেকে এর শুটিং শুরু হবে। এর আগে নঈম ইমতিয়াজ নেয়ামুল ‘এক কাপ চা’ নামে তারকাবহুল একটি সিনেমা নির্মাণ করেন।
