খোঁজ মিলছে না হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

রোববার (১১ এপ্রিল) হাটহাজারীতে হেফাজতে ইসলামের সভায় যোগদান শেষে সন্ধ্যার দিকে শহরের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে তিনি নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন আজিজুল হক ইসলামাবাদীর ছোট ভাই ফয়জুল হক।

সোমবার সকালে তিনি জানান, ‘গতকাল মাগরিবের আগে ভাবির সঙ্গে সর্বশেষ আজিজুল হক ইসলামাবাদীর কথা হয়েছিল। ফোনে ভাই বলেছিলেন হাটহাজারী থেকে তিনি শহরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার সঙ্গে একজন সঙ্গীও ছিলেন। এরপর থেকে আর কোনো খোঁজ মেলেনি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। রাতভর অনেকগুলো জায়গায় খোঁজ নিয়েও ভাইয়ের কোন সন্ধান পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, আজ ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে ভাইয়ের নম্বর খোলা পাওয়া যায়। এ সময় কয়েকবার কল দিলেও কেউ রিসিভ করেননি।সংগঠনটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী সোমবার সকালে গণমাধ্যমকে বলেন, ‘গতকাল (রোববার) হাটহাজারী মাদরাসায় বৈঠক শেষে ঢাকা ফেরার পথে নারায়ণগঞ্জ থেকে

তিনি আটক হয়েছেন। আমরা জানতে পেরেছি তিনি এখন হাটহাজারী থানায় আছেন। তবে আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না।’তবে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা মিথ্যা কথা। তিনি হাটহাজারী থানায় নেই।’