ডিস ব্যবসায়ী থেকে তারকা বনে যাওয়া হিরো আলম খ্যাত আশরাফুল হোসেন আলম রয়েছেন নির্বাচনের মাঠে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনে স্বতন্ত্র সাংসদ প্রার্থী হিসেবে ‘সিংহ’ প্রতীক নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন এই সময়ে ব্যাপক আলোচিত নবাগত বলিউড অভিনেতা। তবে এবার খেলার মাঠেও দেখা গেল তাকে।
শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়া-৪ আসনের নন্দীগ্রাম উপজেলার হাটধুমা মাদ্রাসা মাঠে ফুটবল খেলার আয়োজন করে স্থানীয় ক্লাব। সেখানে প্রধান অতিথি ছিলেন দেশ-বিদেশে আলোচিত হিরো আলম।
খেলা দেখতে নয়, হিরো আলম আসছে জেনেই শতশত ভোটার উপস্থিত হন খেলার মাঠে। হিরো আলম খেলার মাঠে হাজির হতেই হৈচৈ পড়ে যায় চারেদিকে। মুহুর্তের মধ্যে মোবাইল ফোনে সেলফির হুড়োহুড়ি চলছিল। রাস্তায় চলাচলরত সিএনজি, ভ্যান ও মোটরসাইকেল থামিয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ খেলার মাঠে আসেন।
হিরো আলমকে কাছে পেয়ে বয়স্ক বৃদ্ধ ভোটাররাও এগিয়ে আসেন এবং মাথায় হাত রেখে দোয়া করেন। খেলার মাঠের ২০গজ দুরে শতশত নারী ভোটাররাও ভিড় করতে দেখা গেছে। ফুটবল খেলা চলাকালে মাঠের চারপাশে অবস্থান নেয়া ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়, দোয়া প্রার্থনা ও ‘সিংহ’ প্রতীকে ভোট চান হিরো আলম। তাকে কাছে পেয়ে আনন্দ উল্লাস করেন ভোটাররা।

খেলা শেষে মঞ্চে দাড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে বগুড়া-৪ আসনের আলোচিত এই স্বতন্ত্র সাংসদ প্রার্থী বলেন, আমি আপনাদের সন্তান। আপনাদের ভালবাসাই আজ আমাকে এখানে এনেছে। অনেক হোঁচট খেয়েছি, তবুও হাল ছাড়িনি, লড়াই করে প্রার্থীতা ফিরে পেয়ে ভোটের মাঠে ফিরেছি। যেকারণে ভোটের মাঠে আসতে অনেক দেরি হয়ে গেছে। আমি গ্রামের ছেলে, তাই গ্রামের মানুষ ডাকলেই ছুটে আসি। আমি প্রতিটি পরিবারের একজন হতে চাই। ভোটের মাঠে জয় পরাজয় থাকবেই।
কিন্তু আমি যতদিন বাঁচব, ততদিন আপনাদের ভালবাসার মধ্যে থাকতে চাই। গরিবের ঘরে জন্ম আমার, গরিবরাই গরিবের দু:খ বুঝে। টাকা দিয়ে ভোট করতে আসিনি। এসেছি ভালবাসা দিয়ে আপনাদের হৃদয়ে জায়গা করে নিতে। ভালবাসাই সব, টাকা দিয়ে ভালবাসা পাওয়া যায় না। টাকার বিনিময়ে বা স্বার্থের জন্য কাউকে জনপ্রতিনিধি নির্বাচিত করলে, তারা তো চোর হবেই। যে টাকা ভোটের মাঠে খরচ করবে, আপনাদের ঠকিয়ে সেই টাকা তারা তুলে নেবে। ভালবেসে নির্বাচিত করে দেখুন, কথার সাথে কাজের প্রমাণ পাবেন।
হাটধুমা মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য রাখেন, যুবনেতা গোলাম মোস্তফা কামাল, রাসেল মাহমুদ, মোরশেদুল ইসলাম রবি, সেলিম রেজা প্রমূখ।
