মাঠে ঢোকার কিছুক্ষণ পর মাগরিবের আজান পড়ল। কিন্তু ইনিংস চলমান থাকায় নামাজ পড়ার সুযোগ পাচ্ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। আড়াই মিনিট বিরতির সময় নামাজ শুরু করেন ঢাকার অধিনায়ক।
বিকাল সাড়ে ৫টায় মিনিস্টার ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচটি শুরু হয়। টস হেরে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। তার ইনিংসের নবম ওভারের শেষে আড়াই মিনিটের স্ট্র্যাটেজিক টাইমআউট দেওয়া হয়।
দুই দলের বাকি খেলোয়াড়রা যখন পানি পান করে নিজেদের সতেজ করার মাধ্যমে বাকি অংশের পরিকল্পনা সাজিয়ে নিচ্ছিলেন, তখন সুযোগ বুঝে উইকেটের পাশেই নামাজে দাঁড়িয়ে যান মাহমুদউল্লাহ। বুটজোড়া খুলে মাথার ক্যাপ উল্টে নিয়ে ফরজ তিন রাকআত নামাজ আদায় করেন ঢাকার অধিনায়ক।
টাইমআউটের জন্য নির্ধারিত আড়াই মিনিট শেষ হয়ে গেলেও মাহমুদউল্লাহর নামাজ তখনও শেষ হয়নি। তাই আরও প্রায় ত্রিশ সেকেন্ড অপেক্ষা করতে তারপর শুরু করা হয় দশম ওভারের খেলা।
