খাসোগির দেহাবশেষ সৌদি রাষ্ট্রদূতের বাসভবনে

আবারো আলোচনায় এসেছে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ইস্যু। সোমবার (৩১ ডিসেম্বর) তুরস্কের একটি টেলিভিশন দাবি করেছে, জামাল খাশোগির দেহাবশেষ সৌদি আরবের কনসাল জেনারেলের বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে।

এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ভিডিওতে তিন ব্যক্তিকে সুটকেস ও ব্যাগ বহন করে কনসাল জেনারেলের বাসভবনে ঢুকতে দেখা যায়। ওই সুটকেস ও ব্যাগে খাশোগির দেহাবশেষ রয়েছে বলে উল্লেখ করেছে টেলিভিশনটি।

গত ২ অক্টোবর সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকেই নিখোঁজ হন সাংবাদিক জামাল খাশোগি। তুরস্কের তদন্তকারীরা বলছেন, সৌদি আরবের ১৫ জন এজেন্ট কনস্যুলেটের ভেতরেই খাশোগিকে হত্যা করেছে । সৌদি আরব প্রথমে এই অভিযোগ অস্বীকার করলেও পরে দাবি করে, এজেন্টদের সঙ্গে ‘হাতাহাতিতে’ খাশোগির মৃত্যু হয়েছে। তার স্বজনরা মরদেহ ফেরত চাইলে সৌদি আরব তা দিতে ব্যর্থ হয়।