খালেদা জিয়া মুক্তি পাবেন, তবে…

মানহানির দুই মামলায় কারাবন্দি ও অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। তবে প্রায় দেড় বছর যাবত কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রী এখনই মুক্তি পাচ্ছে না, মুক্তির জন্য তাঁকে আরও দুইটি মামলায় জামিন পেতে হবে।

৬ মাসের জামিন আদেশের পর মঙ্গলবার (১৮ জুন) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এতথ্য জানান খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আর কতটি মামলায় জামিন পেলে ‍খালেদা জিয়া মুক্তি পাবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘বেগম জিয়ার বাকি যে দুটো মামলা আছে সেটার জামিন পেলেই তিনি মুক্তি পাবেন। একটা হলো জিয়া অরফানেজ মামলা আরেকটা হলো জিয়া চ্যারিটেবল মামলা।’

মওদুদ বলেন, ‘জিয়া চ্যারিটেবল মামলায়ও জামিন আবেদন করা হয়েছে। ওই মামলায় নথি আসতে আর ১২দিন বাকি আছে। আশা করি ১২ দিন পর ওই মামলায় তার জামিন শুনানি হবে।’

তিনি বলেন, ‘বেগম জিয়া কারাবন্দি থাকতে বিভিন্ন মামলা দিয়ে তাকে কি করে আরও বেশি দিন জেলখানায় রাখা যায় সে ব্যবস্থা সরকার করেছিল। যে দুটি মামলায় আজকে হাইকোর্ট পর্যন্ত এসেছে। যেটা হাইকোর্ট পর্যন্ত আসার কথা না। এই গুলি মামলি মামলা। এগুলো কোন মামলাই না। অনেক সময় আমরা রাজনৈতিক ব্যক্তিরা অনেক বক্তব্য রাখি।’

তিনি বলেন, ‘আজকে এই মামলায় জামিনের জন্য তাকে হাইকোর্ট পর্যন্ত আসতে হয়েছে। আরেকটা আছে মানহানির মামলা। যেটা জামিনযোগ্য মামলা। সুপ্রিম কোর্টের রায়ে আছে জামিনযোগ্য মামলা যদি হয় তাহলে জামিন দিতে বাধ্য আদালত। কিন্তু তারপরও দেয়নি। কেন দেয়নি তা আমরা জানি রাজনৈতিক প্রভাবের কারণে।’

যাই হোক আজকে দুটো মামলাতেই ছয় মাসের জামিন দেয়া হয়েছে। এ আদেশ আমাদের জন্য সহায়ক হবে বলেও মন্তব্য করেন ব্যারিস্টার মওদুদ।