খালেদা জিয়ার ৬ মাসের জামিন

মানহানির দুই মামলায় কারাবন্দি ও অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (১৮ জুন) বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ডিভিশনাল বেঞ্চ এই আদেশ দেন।

প্রায় দেড় বছর যাবত কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীর জামিন আবেদনের শুনানি শেষে সোমবার (১৭ জুন) আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

গত ২৩ মে জামিন শুনানির কথা থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনে আদালত ঈদের পর ১৭ জুন শুনানির তারিখ ধার্য করেন। খালেদা জিয়ার বিরুদ্ধে করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মানহানির দুই মামলায় এখনো তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। খালেদা জিয়ার পক্ষে আরও ছিলেন মওদুদ আহমদ, মীর মো. নাছির উদ্দিন, কায়সার কামাল, এইচএম কামরুজ্জামান মামুন, মীর মো. হেলাল উদ্দিন, আনিসুর রহমান খান প্রমুখ।

অপরপক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেলএফ আর খান।

বেগম জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী আদালতকে বলেন, মামলা দুটিই জামিনযোগ্য। এছাড়া এ মামলাগুলো করেছেন এবি সিদ্দিকী নামে একজন, যিনি খালেদা জিয়া ও এসব ইস্যুতে অসৎ উদ্দেশ্যে মামলা করে থাকেন।