দীর্ঘ ২ বছরের অধিক সময় ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ডাদেশ ৬ মাসের জন্য স্থগিত করে মুক্তি দেয়ার সিদ্ধান্তে ব্রেকিংনিউজকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির শীর্ষনেতারা এবং পরিবারের সদস্য।
সাজা স্থগিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রেকিংনিউজকে বলেছেন, ‘আমরা শুনেছি। এখনো আমার এ সংক্রান্ত কোনো কাগজ পাইনি। বিস্তারিত জানার পর কথা বলবো।’
দলটির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু ব্রেকিংনিউজকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘বিচার বিভাগ সরকারের অধীনস্থ হয়ে পড়েছে। অবশেষে এটিই প্রমাণিত হলো যে আদালতের নয় বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নির্ভর করছিল সরকারের ইচ্ছা-অনিচ্ছার ওপর।
মুক্তির বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ব্রেকিংনিউজকে বলেন, ‘আমরা কিছুক্ষণ আগে গণমাধ্যমে জানতে পেরেছি। এ সংক্রান্ত কাগজ হাতে পেয়ে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো।’
এদিকে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর বোন সেলিমা ইসলাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ডাদেশ ছয় মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্রেকিংনিউজকে তার বোন সেলিমা ইসলাম বলেন, এখনও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে গণমাধ্যমে প্রকাশিত খবরে তারা নিশ্চিত হয়েছেন। কারাগার থেকে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সংশ্লিষ্টদের যোগাযোগ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম ইসলাম।
