নন্দিত পরিচালক তৌকীর আহমেদের নতুন সিনেমা ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পেতে যাচ্ছে আগামী শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে। সিনেমাটি দেখার পর ভালো লাগলে অন্যদের দেখতে বলতে আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন, “‘স্ফুলিঙ্গ’ ভালো লাগলে অন্যদের দেখতে বলুন, আর যদি কারো খারাপ লাগে তাহলে না করুন।”
বুধবার (২৪ মার্চ) রাতে রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে ‘স্ফুলিঙ্গ’র বিশেষ প্রদর্শনীতে এমন মন্তব্য করেছেন তৌকীর আহমেদ।
প্রদর্শনী শুরুর আগে ‘অজ্ঞাতনামা’খ্যাত এই নির্মাতা বলেন, “আনন্দের বিষয় হচ্ছে করোনার এমন সময়ে ৩৫টি হলে আমরা ‘স্ফুলিঙ্গ’ মুক্তি দিতে পারছি। দীর্ঘদিন করোনার কারণে চলচ্চিত্র ধুঁকছে, মানুষও ঘরবন্দি সময় কাটিয়েছেন। এখন আমরা চেষ্টা করছি সুরক্ষা ব্যবস্থা নিয়ে স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে যাওয়ার।”
তৌকীর আহমেদ আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কথা মাথায় রেখে সিনেমাটি নির্মাণ করেছি। তাই মার্চে এটি মুক্তি দেওয়ার উপযুক্ত সময় হবে বলেই স্বাধীনতা দিবসে মুক্তি দিচ্ছি। সিনেমাটি আপনারা সবাই দেখবেন, যদি ভালো লাগে অন্যদের দেখার জন্য বলবেন। আর ভালো না লাগলে সবাইকে না দেখার জন্য বলবেন। কারণ আমাদের মনে হয় একটি খারাপ জিনিস দেখার দরকার নেই, খারাপ জিনিসে রুচি নষ্ট হয়।”
বিশেষ প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন সিনেমাটির অভিনয়শিল্পী জাকিয়া বারী মম, রওনক হাসান, শ্যামল মাওলা ও হাসনাত রিপনসহ অন্যান্যরা। তবে মেডিক্যাল চেকআপের জন্য কলকাতায় থাকায় উপস্থিত থাকতে পারেননি পরীমনি। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিমসহ অনেকে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘স্ফুলিঙ্গ’ নির্মিত হয়েছে। এটি প্রযোজনা করেছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন।
এদিকে ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পেতে চলেছে সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে। সম্প্রতি যেসব সিনেমা মুক্তি পেয়েছে সেগুলো কোনোটি ২০ টি বা আবার কোনোটি ২৫ টি সিনেমাহলে মুক্তি পেয়েছে। তবে ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পাচ্ছে ৩৫টি সিনেমা হলে।
সিনেমাটির পরিবেশনা প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্রের কর্ণধার অভি গণমাধ্যমকে জানিয়েছেন, মোট ৩৫ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘স্ফুলিঙ্গ’। মঙ্গলবার পর্যন্ত ৩০টি হল চূড়ান্ত ছিল। তবে বুধবার আরো পাঁচটি প্রেক্ষাগৃহ বেড়েছে। এর মধ্য দিয়ে প্যান্ডামিকে ‘স্ফুলিঙ্গ’ সর্বোচ্চ সিনেমা হল পেল।
জটিলতা কাটিয়ে ১ সপ্তাহ পিছিয়ে ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘স্ফুলিঙ্গ’। নির্মাতা তৌকীর আহমেদ মুক্তির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেছেন, “২৬ মার্চ ভালো একটা দিন। আমার ছবিটি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ব্যান্ডসংগীত ও নতুন প্রজন্মের কথা বলবে। সেক্ষেত্রে এদিন ছবিটি মুক্তি পাবে বলে ভালো লাগছে।”
