বিপিএলের গত আসরে নাসির হোসেনের কাঁধে ছিল সিলেট সিক্সার্সের নেতৃত্বভার। এবার ঢাকায় প্রথম পর্বের শেষে নাসিরকে স্কোয়াডেই রাখা হয়নি! বিপিএলের শুরু থেকে নেতৃত্ব দিচ্ছিলেন ডেভিড ওয়ার্নার। সাবেক অজি অধিনায়ক কনুইয়ের ইনজুরির কারণে দেশে ফিরে যাওয়ার পর আবারও নেতৃত্ব সংকটে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি। সেই ধারাবাহিকতায় পরপপর দুই ম্যাচে বদল হলো দুই অধিনায়ক। নতুন অধিনায়ক হিসেবে আজ হুট করে দেখা গেল অলক কাপালিকে।গত শনিবার ডেভিড ওয়ার্নার চলে যাওয়ার পর থেকেই গুঞ্জন চলছিলো কে হবেন সিলেট সিক্সার্সের নতুন অধিনায়ক?
তরুণ লিটন কুমার দাস নাকি আগের আসরে সিলেটকে নেতৃত্ব দেয়া নাসির হোসেন? কার হাতে উঠবে অধিনায়কত্বের আর্মব্যান্ড? এই দুজনের নাম যখন বেশি করে আসছিল; তখন সবাইকে অবাক করে দিয়ে ২২ জানুয়ারি তারা নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিল সোহেল তানভীরের নাম।

কিন্তু পাকিস্তানি এই পেস বোলিং অল-রাউন্ডার দলকে এক ম্যাচের বেশি নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন না। গত মঙ্গলবার খুলনা টাইটানসের বিপক্ষে ম্যাচে সিলেটে অধিনায়কত্ব করার এক ম্যাচ পরই তার হাত থেকে আর্মব্যান্ড খুলে নিয়েছে সিলেট সিক্সার্স। আজ রাজশাহী কিংসের বিপক্ষে নতুন অধিনায়ক হিসেবে টস করলেন অভিজ্ঞ লেগস্পিনিং অল-রাউন্ডার অলক কাপালি। কিন্তু নিজেদের অধিনায়ক পরিবর্তনের ব্যাপারে আগেভাগে কিছুই জানায়নি সিলেট ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটে একটি দল এত ঘন ঘন অধিনায়কত্বে বদল আনছে- এটা বেশ বিরলতম ঘটনা।
তবে অলক কাপালি ঠিক কয় ম্যাচের জন্য অধিনায়কত্ব পেয়েছেন সে ব্যাপারে কিছু জানায়নি সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ। চলতি বিপিএলে দুর্দান্ত খেলছেন সিলেটের ঘরের ছেলে কাপালী। আসরের শুরু থেকেই জ্বলে উঠেছেন তিনি। বিশেষ করে বল হাতে দারুণ খেলছেন। ৮ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। সবচেয়ে বড় কথা প্রয়োজনীয় সময়ে দলের জন্য ব্রেক থ্রু এনে দিয়েছেন এ খেলোয়াড়। তবে ব্যাট হাতে এক ম্যাচ ছাড়া তেমন ভালো করতে পারেননি।
