ক্যাফেতে বিষপান- ভালেবাসার মানুষকে বিয়ে করতে পরিবার বাঁধা হওয়ায় বিষপান করে এক প্রেমিক যুগল। বিয়েতে পরিবারের অমত থাকায় সাইবার ক্যাফেতে গিয়ে এ কাণ্ড ঘটায় ওই প্রেমিক-প্রেমিকা। এরপর সেই যুগলকে আইসিউতে নেওয়া হয়।
সেখানে আবার দুই পরিবারের সম্মতিতেই বিয়ে দেয়া হয় ওই যুগলকে। শনিবার (২৮ জুলাই) এমনি ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানার হিসার জেলায়। ভারতের এক সংবাদ মাধ্যমে জানানো হয়, ওই জেলার পিরানওয়ালি গ্রামের বাসিন্দা মিত গুরমুখ সিং (২৩) একই জেলার হিসার শহরের বিদ্যুৎনগরের বাসিন্দা কুসুমের (২২) প্রেমে পড়েন। কুসুমও তাতে সারা দেন।
কিন্তু তাদের প্রেমের সুখবর যখন দুঃসংবাদ হয়ে স্বজনদের কানে গেল- উভয় পক্ষই তেড়ে উঠলো। এমন পরিস্থিতিতে যখন পরিবারকে কোনোমতেই রাজি করাতে পারছিল না। তখন বিদ্যুৎনগরের এক সাইবার ক্যাফেতে বসে দুজনেই কীটনাশক পান করেন। পরে দুজনকেই আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
জানা যায়, হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়ই বিয়ে হয় ওই যুগলের। যখন চিকিৎসক-নার্সরা সতর্ক অবস্থায় তাদের বাঁচিয়ে তোলার চেষ্টায় মত্ত ছিলেন ঠিক তখনি মালা বদল করে দেন তাদের অভিভাবকরা।
পরিবার সূত্রে জানা গেছে, বিষ পানের পর গুরমুখ তার ভাইকে ফোনে ঘটনা জানান। তার ভাই দ্রুত লোকজন নিয়ে দেবীভবন মন্দিরের পাশের ওই সাইবার ক্যাফেতে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় ভারত হাসপাতালে নিয়ে যান।
গুরমুখ আর কুসুম- দুজনের অভিভাবকরাই জানান, সন্তানদের এমন অবস্থা দেখে তারা আর স্থির থাকতে পারেননি। তাই সেখানেই তাদের বর-কনের পোশাক পরানো হয়। এরপর স্বল্পসংখ্যক আত্মীয় বন্ধু আর হাসপাতালের স্টাফদের উপস্থিতিতে বিয়ের পবিত্র বন্ধনে জড়িয়ে দেওয়া হয় তাদের। তাদের চিকিৎসা এখনো চলছে।
তবে হাসপাতাল সূত্র জানিয়েছে, গুরমুখের অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে তবে কুসুমকে নিয়ে এখনো আশংকা রয়েছে।
