সাউদাম্পটন টেস্ট জিতে এক ম্যাচ বাকী রেখেই ভারতের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে সিরিজের চতুর্থ টেস্ট ৬০ রানে জিতে নেয় ইংলিশরা। এ ম্যাচে জয়ের ফলে সিরিজও নিশ্চিত করে ইংল্যান্ড। সেই সাথে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়েও থাকলো ইংল্যান্ড।
চতুর্থ টেস্টে ইংল্যান্ডের দুর্দান্ত পারফরমেন্সের প্রশংসা করেছেন দলটির অধিনায়ক জো রুট। তার সঙ্গে প্রতিপক্ষ দলপতি ভারতের বিরাট কোহলিও ইংল্যান্ড দলের পারফরমেন্সের প্রশংসা করলেন।
ম্যাচ শেষে দলের খেলোয়াড়দের প্রশংসা করতে ভুল করেননি ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তিনি বলেন, ছেলেরা দুর্দান্ত খেলেছে। গেল ম্যাচ হারের পর এভাবে জয় পাওয়া প্রশংসার। বড় টার্গেট দিতে না পেরেও বোলাররা নিজেদের সাধ্যমত চেষ্টা করেছে এবং সফল হয়েছে। পেসাররা চাপ সৃষ্টি করেছে, মঈন অন্যপ্রান্ত দিয়ে বুদ্ধিদীপ্ত বোলিং করেছে। তাই উইকেট পেয়েছে। এমন উইকেটে স্পিনারদের উইকেট পাওয়া কঠিন। কিন্তু মঈন নিজের সেরাটা দিয়ে সফল হয়েছে।
রুটের মত ইংল্যান্ড দলের প্রশংসা করেছেন ভারত অধিনায়ক কোহলি। তিনি বলেন, আমাদের টার্গেট দেওয়ার পর ইংল্যান্ড দুর্দান্ত খেলেছে। পুরো টেস্টের শেষ ইনিংসে অসাধারণ খেলে বাজিমাত করেছে ইংলিশরা। বিশেষ করে মঈনের স্পিন আমাদের জন্য চ্যালেঞ্জ ছিলো। আমাদের দলের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে। ম্যাচ জয়ের ভালো সুযোগ হারিয়েছি আমরা।
কোহলি আরো বলেন, ব্যাটসম্যানদের আরো বুঝে-শুনে খেলা উচিত ছিলো। আমি ও রাহানে ভালো একটি জুটি গড়ার চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত পারিনি। তবে যাই হোক টেস্ট ম্যাচটি উপভোগ করেছি। এমন ম্যাচই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য।
