এজবাস্টনে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে একাই লড়েছেন বিরাট কোহলি। ম্যাচটিতে অধিনায়ক ছাড়া বাদ বাকি ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেনি। এ জন্য তাদের খামখেয়ালিপনাকেই দায়ী করেছেন দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।
সাবেক ভারতীয় অধিনায়কের মতে, এজবাস্টন টেস্টের আগে ভারতীয়রা ভালোভাবে অনুশীলন করেনি। তাদের প্রস্তুতি মোটেও সঠিক ছিল না। এছাড়া একজন প্রফেশনাল ক্রিকেটার কিভাবে দুই সিরিজের মাঝখানে এতদিন বিশ্রামে থাকতে পারেন তা অজানা গাভাস্কারের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের আগে একটি প্রথম শ্রেণীর ম্যাচ না খেলে তার বদলে একটি অনুশীলন ম্যাচ খেলার তীব্র সমালোচনা করেছেন গাভাস্কার, ‘এ ধরনের সিরিজের আগে প্রথম শ্রেণির ম্যাচ খেলা দরকার ছিল। কিন্তু ভারতীয় দল সেটি না খেলে সব খেলোয়াড়কে ঘুরিয়ে-ফিরিয়ে দেখার জন্য একটু অনুশীলন ম্যাচ খেলেছে। টেস্ট ম্যাচের জন্য টেস্টের আবহ তৈরি করেই অনুশীলন করতে হবে। প্রস্তুতিমূলক ম্যাচ খেলে নয়। ভারতীয় দল আগেও এমনটা করেছে। এই তো দক্ষিণ আফ্রিকাতেই একটি প্রথম শ্রেণীর ম্যাচ না খেলার খেসারত তারা দিয়েছে প্রথম দুই টেস্টে উড়ে গিয়ে।’
সর্বশেষ ভারতের এই সাবেক ওপেনার বলেন, ‘ভারতীয় দল নিজেদের রীতিমতো প্রতারিত করেছে। এক মাস আগে ইংল্যান্ডে গিয়ে তারা ওয়ানডে খেলেছে। সাদা বলে খেলার সময় ব্যাট ঘোরানোর গতি আর লাল বলে ব্যাট ঘোরানোর গতি যে এক নয়, সেটা তো সবাই জানে। গত এক মাসে আসলে টেস্টের জন্য তাদের সঠিক প্রস্তুতিই হয়নি।’
