কে হচ্ছেন শাকিবের নতুন নায়িকা?

এবারের ঈদে ঢালিউড সুপারস্টার শাকিব খানের একটি ছবি মুক্তি পেয়েছে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন আলোচিত নায়িকা শবনম বুবলী। ঈদের ব্যস্ততা শেষে এখন অনেকটাই ফ্রি সময় কাটাচ্ছেন ঢালিউডের এ তারকা। তবে শোনা যাচ্ছে, খুব শিগগিরই গ্ল্যামারকন্যা নুসরাত ফারিয়ার সঙ্গে ‘শাহেনশাহ’ ছবিটির কাজ শুরু করবেন।

এই প্রসঙ্গে শাকিব খান বলেন, পুরো বছর শুটিংয়েই সময় কাটে আমার। মাঝে টানা কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। তাই এবারের ঈদটা একটু বিশ্রামেই কাটিয়েছি।

নতুন ছবির কাজ শুরু প্রসঙ্গে তিনি বলেন, কয়েকদিন পরই ‘শাহেনশাহ’ ছবির মহরত অনুষ্ঠিত হবে। এরপর ছবিটির কাজ শুরু করবো। এটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনী। আর ঈদের পর ‘শাহেনশাহ’র মাধ্যমেই প্রথম কাজে ফিরছি।

এদিকে শবনম বুবলীর সঙ্গে টানা কাজ করার পর দেশীয় কোনো নায়িকার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন এ অভিনেতা। ফলে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। এই প্রসঙ্গে অবশ্য শাকিব বলেন, আসলে আমি কার সঙ্গে কাজ করবো? কে আমার সঙ্গে কাজ করবে? এসব ঠিক করে পরিচালক-প্রযোজকরা।

কে আমার নায়িকা হবে? কে আমার সঙ্গে জুটি বাঁধবে এসব নিয়ে আমার আগেও মাথা ব্যাথা ছিল না, এখনো নেই। আর গুঞ্জন তো আমাকে নিয়ে কম হয় না। এসব কানাঘুষায় কান দিলে কাজ কখন করবো।

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে ‘শাহেনশাহ’ ছবিতে শাকিবের বিপরীতে ফারিয়ার পাশাপাশি আরেকজন নায়িকা থাকবেন বলেও জানান ছবিটির পরিচালক শামীম আহমেদ রনী। তিনি সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়ে লেখেন, সুপারস্টার শাকিব খানের ‘শাহেনশাহ’ ছবিতে নুসরাত ফারিয়ার জমজমাট রসায়নের সঙ্গে থাকছে আরেকজন নায়িকা।

কে হতে যাচ্ছেন সেই নায়িকা? তা এখানে বলতে চাই না। এটা চমক হিসেবে থাক। তবে মহরতের দিন সবকিছু খোলাসা হবে বলেও জানান এই নির্মাতা। এদিকে দেশে ও দেশের বাইরে ছবিটির শুটিং হবে বলে জানা গেছে।