ভারতের মধ্যপ্রদেশে ৪০ ফুট গভীর একটি কুয়ায় পড়ে গিয়েছিল ৮ বছর বয়সী এক মেয়ে। তাকে উদ্ধার করতে গিয়ে ৩০ জন মতো গ্রামবাসী পড়ে যান সেই কুয়ায়। এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে। বৃহস্পতিবার রাতে মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জ বাসোদা গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ঘটনা নিয়ে টুইট করে তিনি জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে। ঘটনায় মৃতদের পরিবারের প্রতি তিনি শোক প্রকাশ করেছেন। ঘটনার দিকে নজর রাখাও কথাও বলেছেন তিনি।
জানা গিয়েছে, ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই মেয়েটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
