বলিউড অভিনেতা শহিদ কাপুর ও মিরা রাজপুত দম্পতির ঘর আলো করে এসেছে তাদের দ্বিতীয় সন্তান। এ পুত্রসন্তানকে পেয়ে উচ্ছ্বসিত এই দম্পতি। গতকাল বৃহস্পতিবার নতুন অতিথির আগমনের খবর জানান শহিদ।
আজ শুক্রবার জানালেন তার পুত্রের নাম রাখা হয়েছে জাইন কাপুর। আজ বেলা তিনটার দিকে মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে শহিদ লিখেন, ‘জাইন কাপুরকে পেয়ে আমরা এখন পূর্ণতা অনুভব করছি। যারা আমাদের শুভেচ্ছা ও আর্শীবাদ জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমরা খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। সবার প্রতি ভালোবাসা রইল।’
গতকাল বুধবার মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন মিরা রাজপুত। এর আগে বুধবার সন্ধ্যায় মিরাকে হাসপাতালে ভর্তি করা হয়। মিরার মা বেলা রাজপুত, শহিদের মা নীলিমা আজিম, ভাই ইশান কাট্টার ও পরিবারের অন্যান্য সদস্য মিরাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। বর্তমানে ‘বাত্তি গুল মিটার চালু’ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত শহিদ কাপুর। এর মধ্যেই গত কয়েকদিন স্ত্রীর সঙ্গে সময় কাটিয়েছেন তিনি।
চলতি বছরের শুরুতে আবারো মিরার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়। এরপর গত ২০ এপ্রিল ইনস্টাগ্রামে ফের বাবা হতে যাওয়ার খবরটি ভক্তদের জানান শহিদ।
অনেক জল্পনার অবসান ঘটিয়ে ২০১৫ সালের ৭ জুলাই মিরা রাজপুতকে বিয়ে করেন শহিদ কাপুর। ২০১৬ সালের ২৬ আগস্ট এ দম্পতির মেয়ে মিশার জন্ম হয়।
