লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ইতোমধ্যে অনেকেই ভিন গ্রহের ফুটবলার হিসেবে আখ্যা দিয়েছেন। তবে এবার ফ্রান্স তরুণ কিলিয়ান এমবাপ্পেকে বাচ্চা এলিয়েন হিসেবে আখ্যা দিয়েছেন রাফায়েল ভারানে।
স্বপ্নের মতো ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ কাটিয়েছেন এমবাপ্পে। পেলের পর প্রথম টিনএজার হিসেবে নক আউট পর্বে জোড়া গোল করেছেন। শুধু নক আউটই নয় বরং ফাইনালেও পেলের আরেক কীর্তিতে ভাগ বসিয়েছেন। পেলের পর দ্বিতীয় টিনএজার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করে প্রতিযোগিতার সেরা উদীয়মান নির্বাচিত হয়েছেন এমবাপ্পে।
বিশ্বকাপে ভালো খেলার সুবাদে রোনালদোকে এমবাপ্পেকে নিয়ে ক্লাব মালিকরা উঠে পড়ে লেগেছেন। বিশেষ করে রিয়াল মাদ্রিদের তীক্ষ্ণ চোখ ফ্রান্স ইয়ং স্টারের দিকে। যদিও ঘটা করে এমবাপ্পে জানিয়ে দিয়েছেন তিনি পিএসজিতেই থাকবেন।
তবে তার দল বদলের ব্যাপারে অন্তত একজন যে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দিচ্ছেন, সেটা নিশ্চিত হওয়া গেছে ভারানের স্তুতিতে, ‘আমি বেশ কিছু এলিয়েন (ভিন গ্রহের প্রাণী) দেখেছি। তবে আমার মনে হয় এই প্রথম আমি কোনো বাচ্চা এলিয়েনের দেখা পেলাম।’
‘এলিয়েন’ বলতে যে মেসি-রোনালদোকেই বুঝিয়েছেন, সেটা ভারানে নিশ্চিত করেছেন পরের বাক্যেই, ‘সাধারণত আমি যেসব অন্য গ্রহের প্রাণীদের দেখা পেয়েছি, তারা ২৫, ৩০ বছর বয়সী। এবারের বিশ্বকাপে আমি এমন একজন পেলাম, যার বয়স ২০-এর নিচে।’
ভারানের দাবি, এমবাপ্পে এমন এক গ্রহ থেকে হাজির হয়েছেন, যেখানে সবকিছু দ্রুতগতির। মাঠের ভয়ংকর গতির এমবাপ্পে নাকি সব ব্যাপারেই তাড়াহুড়া করেন, ‘ওর তো সবকিছুতেই তাড়াহুড়া। ম্যাচের আগে ওর সঙ্গে যখন ট্যাকটিকস নিয়ে কথা বলি, আমি বাক্য শেষ করার সময় পাই না। কারণ সে নাকি এর মধ্যেই সবকিছু বুঝে গেছে এবং আমি কী বলতে চাইছি, তা ধরে ফেলেছে!
