কারিনা কাপুর বলি মহলের ব্যস্ত অভিনেত্রী। কিন্তু এই মুহূর্তের এক বলি তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করে তিনি সম্মানিত। সদ্য প্রকাশ্যে স্বীকার করলেন সে কথা।
শোনা যাচ্ছে, একটি পিরিয়ড ড্রামা ‘তখত’-এ রণবীর সিংহের সঙ্গে কাজ করছেন কারিনা। আর তাতেই সম্মানিত অভিনেত্রী। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে কারিনা বলেন, ‘অনেক দিন পর শেষ পর্যন্ত রণবীরের সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করছি। ও অসাধারণ অভিনেতা। ফলে ওর সঙ্গে স্ক্রিন শেয়ার করে আমি সম্মানিত। আমি খুশি।’
কারিনা এবং রণবীরকে অনস্ক্রিন মিলিয়ে দেওয়ার কাজটি নাকি করছেন পরিচালক করন জোহর। এর আগে ‘বম্বে টকিজ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন এই দুই তারকা। তবে করনের পরিচালনাতেও দীর্ঘ ১৭ বছর বাদে কাজ করছেন কারিনা। সে জন্যও খুশি তিনি।
‘তখত’ প্রসঙ্গে করন বলেন, ‘তখত আসলে ভালবাসার জন্য যুদ্ধ।’ এই ছবিতে নাকি মুঘল রাজপরিবারের গল্প দেখানো হবে। সব কিছু ঠিক থাকলে ২০২০-তে নাকি মুক্তি পাবে এই ছবি।
