কার ইচ্ছায় টি-২০ দলে সৌম্য?

আগস্টে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেবেন সৌম্য সরকার। কিন্তু তার আগে হঠাৎ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে ডাকা হয়। আর তাতে ‘থ’ বনে যান অনেকেই। কারণ সম্প্রতি বেশ বাজে সময় পার করছেন সৌম্য। গেল কয়েক ম্যাচে তার পারফর্ম লজ্জাজনক।

তবে সবার কনফিউশন দূর করতে শেষ অবধি এ বিষয়ে মুখ খুলেছেন টাইগার দলের নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু। জানিয়েছেন, ‘টিম ম্যানেজমেন্টের চাওয়াতে সৌম্য-আরিফুলকে টি-২০ সিরিজে টানা হয়েছে।’

মজার ব্যাপার হলো, ফেব্রুয়ারি থেকে ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র ১১৯ রান করেছেন সৌম্য। সর্বশেষ আফগানিস্তানে বিপক্ষে দুই ম্যাচে করেন ১৮ রান। কিন্তু তার পরও তাকে কেন দলে নিতে গেল টিম ম্যানেজম্যান্ট?

এ ব্যাপারে নান্নু জানালেন, ‘আরিফুলকে আমরা নির্বাচন করেছি। যদিও সৌম্যর ব্যাপারে আমাদের দ্বিধা ছিল, তার সাম্প্রতিক ফর্মের জন্য। কিন্তু টিম ম্যানেজমেন্ট সৌম্যকে চেয়েছিল। তাই আমরা সৌম্যকে দলে নিয়েছি।’

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ আগস্ট। এছাড়া ৫ আগস্ট দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৬ আগস্ট।