কয়েকদিন আগে কলকাতা থেকে বেশ কয়েকটি ছবির কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন বাংলাদেশি অভিনেত্রী অরিন। এরপর বেশি দিন বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি তিনি। ঢাকা ফিরেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। এ প্রসঙ্গে অরিন বলেন, টালিগঞ্জে বেশ কয়েকটি নতুন ছবির শুটিং করলাম। বলতে গেলে শেষ কয়েক মাস এজন্য ভারতে থাকতে হয়েছে আমাকে। ঈদুল আজহার কয়েকদিন আগে দেশে ফিরেছি আমি। ঈদের আনন্দ শেষ হতে না হতেই একটি বাংলাদেশি ছবির শুটিং শুরু করলাম। গত ৩১শে আগস্ট থেকে রাজধানীর একটি শুটিং হাউজে শুরু হয় ছবিটির দৃশ্য ধারণের কাজ।
এম এ আসলাম পরিচালিত এ ছবিটির নাম ‘আমার সিদ্ধান্ত’। এতে আমার সঙ্গে নায়ক রয়েছেন সাইফ খান। অ্যাকশন ও রোমান্টিক ঘরানার একটি ছবি হবে এটি। ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন ইমন, শাহ রিয়াজ, শিরিন শিলা, তানিন সুবহা, অভি প্রমুখ।
কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে ‘শর্টকাট’ ছবিতে অভিনয় করেছেন অরিন। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অরিনের বাইরে পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসুর পাশাপাশি অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনয় করেছেন। এ ছবির বাইরে নেহাল দত্তের ‘অপরাজেয়’ ছবিতে কাজ করেন অরিন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার শায়ান। এছাড়া সম্প্রতি কলকাতার নির্মাতা মলয় চক্রবর্তীর ‘উল্কী’ ছবিতে কাজ করছেন অরিন। এ ছবির কাহিনী লিখেছেন পাঞ্চালী দেববর্মা। আর চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন মলয় চক্রবর্তী। ছবিতে অরিনের বিপরীতে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা অভিরাজ কাজ করছেন।
