বাংলাদেশ ‘এ’ দলের হয়ে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলার কথা ছিল আবু জায়েদ রাহীর। কিন্তু তার আগেই তিনি ছিটকে গেলেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। দ্বিতীয়বারেরমত করোনা আক্রান্ত হলেন তিনি।
এইচপি ক্রিকেটাররা এখন রয়েছেন চট্টগ্রামে। সেখানে তারা সাত সপ্তাহের ক্যাম্প করবেন। প্রস্তুতি পরখ করতে ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একটি চারদিনের ম্যাচ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২ সেপ্টেম্বর থেকে। কিন্তু ‘এ’ দলের ক্রিকেটার আবু জায়েদ রাহী করোনা আক্রান্ত হওয়ার কারণে সিরিজটিই স্থগিত করা হয়েছে।
বিসিবি সূত্র জানিয়েছে, ‘সব ক্রিকেটারকে দুই দফা কোভিড-১৯ টেস্ট করানো হয়েছে। আবু জায়েদ চৌধুরী রাহী দু’বারই কোভিড-১৯ পজিটিভ প্রমাণিত হয়েছেন। এছাড়া ‘এ’ দলের নাঈম হাসান এবং নাজমুল হোসেনের প্রথম দফার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসলেও দ্বিতীয় দফাতে নেগেটিভ এসেছে।’
এর আগেও, গত বছর সেপ্টেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জাতীয় টেস্ট দলের পেসার আবু জায়েদ রাহী।
