করোনার ভ্যাকসিন নিতে চান না এক-তৃতীয়াংশ মার্কিনি!

বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন আসলেও সেটি নিতে আগ্রহী নন আমেরিকার ৩০ শতাংশ মানুষ। এক-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক মার্কিনি জানিয়েছেন, ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের প্রতি তাদের আস্থা নেই।

পিআর ফার্ম বোসপারের একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

এমন জরিপ করার কারণ সম্পর্কে বোসপারের প্রধান কর্মকর্তা কার্টিস স্পারার ডেইলি মেইলকে বলেন, ‘লকডাউনের বিরুদ্ধে দেখছি অনেকে আন্দোলন করছেন। মানুষ আসলে কী ভাবছে, সেটি জানতে আমরা এমন জরিপ চালাই।’

‘সামগ্রিক চিত্র নিয়ে আমি হতাশ। এটি নিশ্চিত করে বলতে পারি আরও অনেক মানুষ ভ্যাকসিন নেবে না।’

এই জরিপটি হয়েছে এপ্রিলের একদম শেষ দিকে, ২৮ এবং ২৯ তারিখ। বাজার জরিপকারী সংস্থা প্রোপেলার বোসপারের সঙ্গে যৌথভাবে কাজ করেছে। তারা ১ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তির সঙ্গে কথা বলেন।

ভ্যাকিসন তৈরি হলে তারা নিতে চান কি না, এমন প্রশ্নের পাশাপাশি অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়, ‘যারা ভ্যাকসিন নেবেন তাদের প্রতি দৃষ্টিভঙ্গি কী?’

জরিপ বলছে, নিজেরা নিতে না চাইলেও অন্য যারা নিতে চান তাদের প্রতি সম্মানের দৃষ্টিভঙ্গি রয়েছে অধিকাংশের। যাদের বয়স ১৮ থেকে ২৪ বছর তাদের মধ্যে ৫৭.৬ শতাংশ ভ্যাকসিন নিতে চান। ভ্যাকসিন নেওয়া কিংবা না নিতে চাওয়াদের মধ্যে শিক্ষাগত যোগ্যতারও একটা পার্থক্য দেখা গেছে। মাস্টার্স পাস করা মানুষদের ৮১ শতাংশ ভ্যাকসিন নিতে চান।

তরুণেরা এই রোগে কম আক্রান্ত হন, এমন চিন্তা থেকে অনেকে ভ্যাকসিন নিতে চান না বলে ধারণা স্পারারের।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন এই রোগে গোটা বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৯২৮। মোট আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৫৯ হাজার ২৭১ জন। সুস্থ হয়েছেন প্রায় ১২ লাখ, ১১ লাখ ৯৭ হাজার ৭৩৫ জন।