করোনার নতুন প্রজাতির খোঁজ ১০ গুণ ছোঁয়াচে

বারবার চরিত্র বদল করছে নভেল করোনাভাইরাস। শুধু তা-ই নয়, বিবর্তনও হচ্ছে এই ভাইরাসের। আর তাতেই সমস্যায় পড়েছেন বিজ্ঞানীরা। সম্প্রতি মালয়েশিয়ায় নভেল করোনাভাইরাসের নতুন একটি প্রজাতির খোঁজ পাওয়া গেছে। এই প্রজাতি সাধারণ করোনাভাইরাসের তুলনায় ১০ গুণ বেশি সংক্রামক—এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা।

ভাইরাসের এই বিবর্তন, যা এর আগে ইউরোপের অনেক জায়গায় দেখা গেছে, তাকে বলা হয় ডি৬১৪জি। মালয়েশিয়ায় একটি ক্লাস্টারে সংক্রমিত ৪৫ জনের মধ্যে অন্তত তিনজনের শরীরে এই নতুন ভাইরাস দেখা গেছে। এই সংক্রমণ ছড়িয়েছিল ভারত থেকে ফেরা এক রেস্তোরাঁ মালিকের কাছ থেকে। কোয়ারেন্টিন নিয়ম ভাঙায় তাঁকে পাঁচ মাসের জেলের সাজা ও জরিমানা করা হয়েছে। ফিলিপাইন থেকে ফেরা কিছু মানুষের মধ্যেও এই ভাইরাস দেখা গেছে বলে জানা গেছে।

মালয়েশিয়ার স্বাস্থ্য মহাপরিচালক নুর হিশাম আবদুল্লাহ বলেছেন, ‘এই নতুন প্রজাতির খোঁজ মেলার অর্থ হলো এত দিন পর্যন্ত ভ্যাকসিন নিয়ে যে গবেষণা হলো, তা ফের নতুনভাবে শুরু করতে হবে। এই ভাইরাস ১০ গুণ বেশি সংক্রামক বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সে ক্ষেত্রে আরো বেশি সতর্কতা নিতে হবে আমাদের।’

নুর হিশাম মালয়েশিয়ার মানুষের জন্য সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে বলেছেন, ‘মানুষকে সতর্ক থাকতে হবে ও আরো সুরক্ষা নিতে হবে, যাতে এই নতুন প্রজাতির ভাইরাস বেশি ছড়িয়ে পড়তে না পারে। এই ধরনের বিবর্তনের শৃঙ্খলকে ভাঙার জন্য মানুষের সহযোগিতা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের এত ব্যাপক প্রভাবের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো ভাইরাসের এই বিবর্তন। ফলে বারবার গবেষণায় বদল আনতে হয়েছে। যে ভ্যাকসিনের প্রয়োগ চলছে, দেখা যাচ্ছে সেই ভ্যাকসিন এই নতুন ধরনের প্রজাতির ক্ষেত্রে কার্যকর নয়। সে ক্ষেত্রে নতুন করে গবেষণা করে সেইমতো ভ্যাকসিন তৈরি করতে হচ্ছে। তা করতে করতে ভাইরাস ফের নিজের চরিত্র বদলাচ্ছে।