করোনার চেয়েও ভয়ঙ্কর বজ্রপাত, ২০ দিনে মৃত্যু ৫৭

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বাংলাদেশে প্রথক ২৭ দিনে আক্রান্তের সংখ্যা ছিল ৪৮ জন আর মৃত্যু ছিল ৫ জনে। সব মিলিয়ে ৫৩ জনে। কিন্তু এই করোনার মধ্যেই ভয় জাগাচ্ছে বজ্রপাত। এপ্রিল মাসের গত ২০ দিনে বজ্রপাতে ৫৭ জনের প্রাণহানি ঘটেছে। গত বছরের পুরো এপ্রিল মাসে প্রাণহানির সংখ্যা ছিল ২১।

বেসরকারি সংগঠন ডিজাস্টার ফোরামের এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে ৪ থেকে ২৪ এপ্রিলের তথ্য তুলে ধরা হয়। সংবাদপত্রের প্রতিবেদন এবং দেশের ছয়টি এলাকা থেকে সরাসরি তথ্য নিয়ে ডিজাস্টার ফোরাম বজ্রপাতের এই প্রতিবেদন তৈরি করেছে বলে জানান সংগঠনটির সদস্যসচিব গওহার নঈম ওয়ারা।

ফোরামের প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের ২০ দিনে যে ৫৭ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৪৭ জন পুরুষ। এরা বজ্রপাতের সময় কৃষিজমিতে কাজ করছিলেন বা মাছ ধরছিলেন।

ডিজাস্টার ফোরামের সমন্বয়কারী মেহেরুন নেসা বলেন, জেলা ভিত্তিতে ২০ দিনে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন উত্তরের জেলা গাইবান্ধায়। এখানে ছয়জন নিহত হন। আর বিভাগের হিসাবে সবচেয়ে বেশি মানুষ মারা যান সিলেটে। এ বিভাগে মৃত মানুষের সংখ্যা আট। বজ্রপাতে আহত হন আটজন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০১০ থেকে ২০১৯ এই এক দশকে দেশে বজ্রপাতে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৮১। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে ২০১৮ সালে। ওই বছর বজ্রপাতে মারা গেছে ৩৫৯ জন।

এর আগের বছর মারা যায় ৩০১ জন, যা গত এক দশকে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৬ সালে বজ্রপাতে মৃতের সংখ্যা ছিল ২০৫। এ ছাড়া ২০১৫ সালে ১৬০, ২০১৪ সালে ১৭০, ২০১৩ সালে ১৮৫, ২০১২ সালে ২০১, ২০১১ সালে ১৭৯ ও ২০১০ সালে ১২৩ জনের মৃত্যু ঘটে বজ্রপাতে।