আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১১৬৬ টাকা কমেছে। এর ফলে আজ বুধবার ১৬ মার্চ থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ৭৮ হাজার ১৪৮ টাকা। এর আগে গত ৮ মার্চ স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।
গতকাল মঙ্গলবার ১৫ মার্চ বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে বাজুসের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে আজ বুধবার থেকে খরচ পড়বে ৭৮ হাজার ১৫৯ টাকা। গতকাল মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছিল ৭৯ হাজার ৮২৫ টাকায়।
২১ ক্যারেটের স্বর্ণের দাম ১০৫০ টাকা কমিয়ে ৭৪ হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা মঙ্গলবার পর্যন্ত ৭৫ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছিল।
এছাড়া ১৮ ক্যারেটের ৯৩২ টাকা কমে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার ৩৬৩ টাকা। স্বর্ণের দাম কমালেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
এদিকে ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
