চলতি মাসের ৩০ তারিখ স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা না পেলেও স্বাগতিক ইংল্যান্ডের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন আলোচিত তারকা জোফরা আর্চার। দলে জায়গা পেয়েই নিজের লক্ষ্যের কথা জানান তিনি।
আসন্ন বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির উইকেট শিকার করতে চান তিনি। তিনি বলেছিলেন, ‘আমি বিরাট কোহলিকে আউট করতে চাই। আইপিএলে তা করতে পারিনি।’
আর্চারের লক্ষ্যের কথা শুনে কোহলি বলেন, ‘আমার জন্য এটা খবর, মরগানের কাছেও। আমি আসলে এসব বিষয়ে সেভাবে মনোযোগ দেই না। তাই জোফরা যদি এমন কিছু বলেই থাকে সেটা আমার জন্য বড় প্রশংসার। অবশ্য সেও কিন্তু বিশ্বমানের একজন বোলার।’

সেই সঙ্গে এবারের বিশ্বকাপে সে এক্স-ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন কোহলি। তিনি বলেন, ‘ওকে দেখেছি গত কয়েক বছর সে আইপিএলে কীভাবে খেলে যাচ্ছে। সে বিশ্বব্যাপী খেলে বেড়াচ্ছে, ভালোও করেছে। আমার মনে হয় এবারের বিশ্বকাপে সে এক্স-ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কারণ তার যে দক্ষতা, সেটা বাকিদের থেকে ভিন্ন। যে বলে অনেক গতি রাখে।’
