ফের শুরু হচ্ছে ৩ সেপ্টেম্বর থেকে ‘কউন বনেগা ক্ররপতি’। জনপ্রিয় এই টেলিভিশন শো-এর হটসিটে অমিতাভ বচ্চনকে দেখার জন্য ইতিমধ্যেই মুখিয়ে রয়েছেন তার ভক্তরা। কিন্তু, বিগ বি-র এই টেলিভিশন শো নিয়ে মন্তব্য করে বসলেন সালমান।
সম্প্রতি সালমান খান বলেন, তিনি নাকি কেবিসি-র সঞ্চালক হতে চান। অর্থাৎ কেবিসির হটসিটে সঞ্চালকের আসনে বসতে পারলে তার ভাল লাগবে বলে প্রকাশ্যেই মন্তব্য করেন বলিউড ‘ভাইজান’।
সালমানের মনের সেই সুপ্ত ইচ্ছা জানার পর অমিতাভও তার উত্তর একেবারে গুছিয়ে দেন। তিনি বলেন, কেবিসির সঞ্চালনা করার জন্য সালমানকে খান-কে স্বাগত। অর্থাৎ বলিউড ‘ভাইজান’ যদি ‘কউন বনেগা ক্ররপতি’-র সঞ্চালকের আসনে বসতে চান, তাহলে আসতেই পারেন বলে পাল্টা জবাব দিয়েছেন বিগ বি।
প্রসঙ্গত, ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে সালমান খানের সম্পর্কের তিক্ততা এখনও কাটেনি। ফলে, সালমান খানের সঙ্গে সম্পর্ক এখনও ‘দুঃস্বপ্ন’ বলেই মনে করেন রাই। আর সেই কারণেই বচ্চন বাড়ির কোনও সদস্যের সঙ্গেই সালমান খানের সুসম্পর্ক নেই বলে মনে করে বি টাউনের একাংশ।
যদিও, সালমান খান বা ঐশ্বরিয়া রাই বচ্চনকে কখনও এ বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি।
এদিকে গত কয়েক বছর ধরে প্রায় একটানা এই জনপ্রিয় টেলিভিশন শো-এর সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। তবে এই শো-এর যে ইউএসপি রয়েছে, তা তার জন্য নয়। শো-এর কন্টেন্ট এবং প্রতিযোগীদের জন্যই বছরের পর বছর ধরে এর ইউএসপি বেড়েছে বলেও জানান অমিতাভ।
অমিতাভ বচ্চন নাতনি আরাধ্যা ঐশ্বরিয়া কন্যা কি এই শো-এর বিষয়ে কিছু জানে? সম্প্রতি সাংবাদিকদের এমনই এক প্রশ্নের উত্তরে বিগ বি বলেন, এই টেলিভিশন শো-কে ‘কেবিসি’ বলে, সেটা আরাধ্যা জানে। এই শো-এর টাইটেল ট্র্যাক শুনেও আরাধ্যা চিনতে পারে। কিন্তু, ওর সঙ্গে কখনও কেবিসির হটসিটে বসা হয়নি। তাই, আরাধ্যার সঙ্গে তিনি একবার হটসিটে বসতে চান বলেও আশা প্রকাশ করেছেন বলিউড ‘শহেনশা’।
অভিষেক বচ্চনের আগামী সিনেমা ‘মনমর্জিয়া’ নিয়ে অমিতাভ বচ্চনকে প্রশ্ন করা হলে, তারও সপাটে উত্তর দেন বিগ বি। তিনি বলেন, এটা অভিষেকের প্রথম ইনিংস না দ্বিতীয় ইনিংস, সে বিষয়ে জানা নেই। তবে অভিষেক কাজ করছেন, এবং তিনি তার কাজের দিকে তাকিয়ে রয়েছেন বলে মন্তব্য করেন অমিতাভ বচ্চন।
