ঐশ্বরিয়ার জন্য আরেক প্রেমিকাকে ঠকিয়েছিলেন সালমান

বলিউডে মোস্ট এলিজিবল ব্যাচেলরের তালিকায় প্রথমেই যার নাম আসে, তিনি হলেন সুপারস্টার সালমান খান। যদিও তার জীবনে বিভিন্ন সময়ে এসেছেন একাধিক নারী। যার কারণে ভাইজানের প্রেমিকাদের তালিকাটা বেশ লম্বা।

সেই তালিকায় আছে সাবেক অভিনেত্রী সোমি আলির নাম। যদিও খুব বেশিদিন বড় পর্দায় দেখা যায়নি তাকে। তবে সালমানের সঙ্গে প্রেমের গুঞ্জনে বেশ চর্চায় ছিল তার নাম।সম্প্রতি পুরোনো সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন সালমান খানের সাবেক প্রেমিকা সোমি আলি। তার বিস্ফোরক অভিযোগ, সালমান তাকে ঠকিয়েছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন সোমি।

তিনি জানিয়েছেন, ‘সে সময় সালমানকে বিয়ে করার জন্য পাগল ছিলাম। তাই সঙ্গীতা বিজলানিকে (সালমানের আরেক প্রেমিকা) যখন সালমানের বাড়িতে আসতে দেখতাম, ভীষণ রেগে যেতাম। প্রায় এক বছর পর আমাদের প্রেম শুরু হয়। আমার জন্যই সঙ্গীতার সঙ্গে সালমানের সম্পর্ক ভাঙে। যদিও সেটা ঠিক হয়নি। সেসময় আমার বয়স কম ছিল, তাই তখন বুঝিনি। পরে সালমান আমাকে ঠকিয়েছিল।’

সোমির কথায়, ‘বলিউডে নায়িকা হওয়ার জন্য নয়, ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবি দেখে শুধু সালমানের প্রেমে পড়েই তিনি অভিনয়ে এসেছিলেন। তার অভিযোগ, ঐশ্বরিয়া রায়ের সঙ্গে সম্পর্কের কারণেই সালমান খান তাকে ছেড়ে গিয়েছিল।

অভিনেত্রীর কথায়, তিনি সালমানের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছিলেন। পরে ‘হম দিল দে চুকে সানম’-এর কাজ শুরু হয়। তখনই তাকে ছেড়ে ঐশ্বরিয়ার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন সালমান। যদিও বর্তমানে সালমান খানের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলেও জানিয়ে দিয়েছেন সোমি।