টেস্ট ক্রিকেটের কুলিন দলটির সাথে পাঁচ ম্যাচ সিরেজের প্রথম ম্যাচে পহেলা আগস্ট মাঠে নামছে এশিয়ার সবচেয়ে পুরাতন দল ভারত।বার্মিংহামে নিজেদের টেস্ট ইতিহাসের ১০০০তম ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। ঐতিহাসিক এই ম্যাচে ব্রিটিশদের প্রতিপক্ষ বিরাটের ভারত।
ইংল্যান্ডের মাটিতে টিম ইন্ডিয়ার নিকট অতীতের পারফরম্যান্স খুবই লজ্জাজনক। ২০১১ সালে ৪-০ ও ২০১৪ সালে ৩-১ ব্যবধানে পরাজিত হয় মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া। তাই বিরাটের সামনে এই সিরিজটি অনেক বড় চ্যালেঞ্জের। যদিও সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ জয় ভারতের জন্য প্রেরণার। তাই কোহলির নেতৃত্ব গুণ দেখার অপেক্ষায় ভারতীয় সমর্থকরা।
ইংল্যান্ডের ঐতিহাসিক টেস্টে তিন পেসার প্রথম একাদশে খেলাতে পারে ইন্ডিয়া। সেক্ষেত্রে অভিজ্ঞতার বিচারে ইশান্ত শর্মাকে এজবাস্টনে স্ট্রাইক বোলারের ভূমিকায় দেখা যেতে পারে। তার সঙ্গে বাকি দুই পেসার হবেন মোহাম্মদ সামি ও উমেশ যাদব। সীমিত ওভারের ফরম্যাটে দুর্দান্ত সাফল্য পাওয়ায় টেস্টের আসরে কুলদীপ যাদবকে অন্তর্ভুক্ত করা হলেও একমাত্র স্পিনার প্রথম টেস্টে রবিচন্দ্রন অশ্বিনই এগিয়ে থাকবে। কারণ, অভিজ্ঞতা সবসময় বড় সম্পদ। আর তাছাড়া তার ব্যাটের হাতটাও অনেক ভালো।
ইংল্যান্ড সিরিজে ভারতীয় ব্যাটিং অধিনায়ক বিরাট কোহলি নির্ভর অবশ্যই। তাকে খেলতেই হবে ভালো ফল পেতে হলে। ওপেনিং জুটিতে বদল আসছে। ওপেনিংয়ে মুরলি বিজয়ের সাথে থাকতে পারে বাঁহাতি শিখর ধাওয়ান। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ওপরেও টিমের প্রত্যাশা থাকবে, কারণ চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে ফর্মে নেই বর্তমানে। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে দিনেশ কার্তিকের মধ্যে লোয়ার মিডল-অর্ডারে টিমের জন্য নতুন ভরসা পাওয়া গিয়েছে।
ভারতের সম্ভাব্য একাদশ: মুরলি বিজয়,শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, দিনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন,ইশান্ত শর্মা, মোহাম্মদ সামি,উমেশ যাদব।
