ঐক্যের ডাক দিলেন মেসি

কাগজে কলমে, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আক্রমণাত্মক শক্তি হল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। নেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপে আগে থেকেই ছিলেন। এই মৌসুমে লিওনেল মেসি তাদের সঙ্গে যোগ দিয়েছেন। কিন্তু এই তিনজনের রসায়ন এখনো জন্ম নেয়নি। মাঠে সমন্বয়ের অভাব।

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষের ম্যাচে যা অনেকটাই পূরণ হয়েছে। এমবাপ্পের সঙ্গে দারুণ বোঝাপড়া হয়েছে মেসির। ফল হিসেবে পিএসজি পেয়েছে দ্বিতীয় গোল। মধ্যমাঠ থেকে বল নিয়ে সিটির ডি-বক্সের কাছাকাছি আসার পর মেসির ডিফেন্স চেরা পাস খুঁজে নেয় এমবাপ্পেকে।

ফরাসি উইঙ্গার ফ্লিক করে বল ফেরত দেন মেসিকে। এরপর বাঁ-পায়ের জোরাল শটে গোল। পিএসজির জার্সিতে এটাই প্রথম গোল মেসির। এই গোলের নেপথ্যে মেসি-এমবাপ্পের যে ওয়ান-টু দেখা গেল সেটা নিশ্চিতভাবেই ভালো কিছুর ইঙ্গিত বহন করছে। মেসির বিশ্বাস, নেইমার-এমবাপ্পের সঙ্গে যতো বেশি খেলবেন ততাই ভালো করবেন তিনি।

প্যারিসে হাইভোল্টেজ ম্যাচটিতে সিটিকে ২-০ গোলে হারিয়েছে সিটি। প্রথমার্ধে ইদ্রিসা গায়া স্বাগতিকদের লিড এনে দেন। কিন্তু দ্বিতীয়ার্ধে মেসির গোলে আড়ালে চলে গেছেন তিনি। ম্যাচ শেষে মেসি বলেছেন, ‘আমরা (মেসি, নেইমার, এমবাপ্পে) যত বেশি একসঙ্গে খেলব, ততই ভালো করব। সম্মিলিতভাবে আমাদের উন্নতি করতে হবে এবং খেলার মান বাড়াতে হবে।’

ফরাসি টেলিভিশন চ্যানেল ক্যানেল প্লাসকে মেসি আরো বলেছেন, ‘আমরা ভালো খেলেছি। আমাদের নিজেদের সবটুকু নিংড়ে দিতে হবে এবং এভাবেই এগিয়ে যেতে হবে। গোল করতে পেরে আমি খুব খুশি। ওরা (ম্যানসিটি) দুর্দান্ত এক প্রতিপক্ষ। গতবার ওরা ফাইনাল খেলেছে। ক্লাব ব্রাগার সঙ্গে ড্রয়ের পর এই জয়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।’

এর আগে নতুন ঠিকানা পিএসজিতে দুটি ম্যাচ খেললেও মেসি ছিলেন নিজের ছায়া হয়ে। আসলে কোপা আমেরিকার পর লম্বা ছুটির কারণে খেলার মধ্যে ছিলেন না মেসি। তাতেই দেখা গেছে জড়তা। মেসি আত্মবিশ্বাসী ধীরে ধীরে তা কাটিয়ে উঠবেন তিনি, ‌’আমি খুব বেশি ম্যাচ খেলিনি। আসলে অনেক দিন খেলার মধ্যে ছিলাম না। ধীরে ধীরে নতুন দল ও সতীর্থদের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছি।’