এ রকম দর্শনীয় জয় আরও আসবে: কাটার মাস্টার

দ্বাদশ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ মিশন দারুণভাবে শুরু করেছে বাংলাদেশের টাইগাররা। এদিকে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ।

গতকাল রবিবার ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান করে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ও বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে এটি টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এদিন মাহমুদউল্লাহ রিয়াদের কার্যকরী অপরাজিত ৪৬ রান করার আগে ১৪২ রানের জুটি গড়েন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক ৭৮ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব খেলেন ৭৫ রানের নান্দনিক ইনিংস।

এরপর দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে ৩০৯ রানে বেঁধে রাখে বাংলাদেশ। জয়ী দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত এ জয়ের পর বেশ আত্মবিশ্বাসী তিনি। তার বিশ্বাস, এ রকম চমৎকার জয় আরও আসবে।

এদিকে ম্যাচ শেষে টুইটবার্তায় কাটার মাস্টার বলেন, ‘আলহামদুলিল্লাহ! উড়ন্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু। ইনশাআল্লাহ এ রকম দর্শনীয় জয় আরও আসবে।’

এদিকে বাংলাদেশের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। আগামী ৫ জুন একই ভেন্যু ওভালে হবে দুদলের লড়াই। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬ টায়।