বিশ্বকাপে এবার বাংলাদেশ ক্রিকেট দল মাত্র একটি ম্যাচ জিততে পারে বলে ভবিষ্যতবাণী করেছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রান্ডন ম্যাককালাম।
কিন্তু রোববার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তাকে ভুল প্রমাণিত করেন টাইগাররা। খেলার পর যদিও ম্যাককালাম নিজের ভবিষ্যতবাণী ভুল প্রমাণিত হওয়ায় সুর পাল্টে অভিনন্দন জানিয়েছেন।
কিন্তু এর পর থেকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ট্রলের শিকার হচ্ছেন তিনি। একজন ম্যাককালামের বিমর্ষ ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাংলাদেশের জয়ের পর ম্যাককালাম।’
অন্যরা লিখেছেন-
‘আমি এই জয় স্যার ব্রান্ডন ম্যাককালামকে উৎসর্গ করতে চাই।’
‘আপনি একজন ক্রিকেট লিজেন্ড। আপনার উচিত সব দলকেই সম্মান করা।’
‘আপনি নিউজিল্যান্ডের নাগরিকদের বিভ্রান্ত করেছেন।’
‘আমরা বাংলাদেশি। আমরা আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে জিতবো। বাঁশের জন্য অপেক্ষা করুন। অপেক্ষা করুন এবং দেখুন। আপনার জ্যোতির্বিদ্যা ভুল হওয়ার জন্য ধন্যবাদ।’
আরেকজন লিখেছেন, এ কেমন মাদকাসক্তি, স্যার? আমরা শ্রীলংকার সঙ্গে জিতবো অথচ শ্রীলংকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারবে? বিদায় পৃথিবী!
তবে অনেকেই এই বাংলাদেশি ভক্তদের এমন আক্রমণাত্মক মন্তব্যের জন্য নিন্দা জানিয়েছেন। পাকিস্তানি একজন লিখেন, ‘উনি দেবতা নন। উনার ভুল হতেই পারে। তাহলে কেন এত নিন্দা?’
বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের সামর্থ্য নিয়ে ম্যাককালাম বলেছিলেন, বাংলাদেশ এবার মাত্র একটি ম্যাচ জিততে পারে। আর সেটা শ্রীলংকার বিরুদ্ধে। অথচ গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ জয়ের পর টুইট করেন তিনি। তাতে বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ হওয়ার কথা জানিয়েছেন। তবে নিজের অন্য ভবিষ্যদ্বাণী নিয়ে এখনও অনড় তিনি।
টুইটে লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মুগ্ধ হওয়ার মতো পারফরম্যান্স দেখালো বাংলাদেশ। আমি আশা করছিলাম দক্ষিণ আফ্রিকা জিতবে, কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে। আমার ভবিষ্যদ্বাণী সম্পর্কে বলব, এই অনুমানকে ভুল প্রমাণ করে দেয়ার জন্য ধন্যবাদ। এটাই হয়ত শেষ ভুল নয়। তবে শেষমেশ আমার অনুমান অনেকটা নির্ভুলই থাকবে। আমার ভবিষ্যতদ্বাণীর ব্যত্যয় ঘটিয়ে সবাই কিন্তু জিতে যেতে পারবে না!’
তবে ম্যাককালামের আগের বক্তব্যকে বাংলাদেশি ভক্তরা উপহাস হিসেবেই নিয়েছেন। ফলে জয়ের পর তাকে নিয়ে বেশ হাস্যরসের মেতেছেন ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের মিম বানিয়ে ট্রল করা হচ্ছে।
