‘এলোমেলো জীবন’ নিয়ে আসছেন আসিফ-কর্ণিয়া

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ক্যারিয়ারের শুরু থেকেই সংগীতাঙ্গন দাপিয়ে বেড়াচ্ছেন। অডিও অ্যালবাম, চলচ্চিত্রে প্লেব্যাকসহ স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি মিউজিক ভিডিওতে অংশ নিচ্ছেন আসিফ। এবার তিনি নিয়ে আসছেন ‘এলোমেলো জীবন’ শিরোনামের নতুন একটি গান। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী কর্ণিয়া।

‘এলোমেলো জীবন’ গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরুন মুন্সী। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। বরাবরের মতো এবারো দর্শক-শ্রোতা আসিফ-কর্ণিয়ার রোমান্টিক পারফরম্যান্স দেখতে পাবেন এ গানের ভিডিওতে। গানটি প্রকাশ করছে ধ্রব মিউজিক স্টেশন (ডিএমএস)।

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘‘আমাদের জন্য খুশির খবর হলো, আমি আর কর্ণিয়া জুটি বাঁধার পর শ্রোতা-দর্শক দারুণ পছন্দ করেছেন। এবার আমরা নিয়ে আসছি ‘এলামেলো জীবন’। ভালোবাসার আবেদনের গান এটি। কর্ণিয়া অনেক ভালো গায়। আর তরুন মুন্সী এবং সৈকত নাসিরের প্রতি দর্শক-শ্রোতার আস্থা তো আছেই।’’

গানটি নিয়ে কর্ণিয়া বলেন, ‘আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে। তার কাছ থেকে অনেক উৎসাহ পাই। এবারের গানটিও বেশ ভালো হয়েছে। দারুণ একটি গল্পে চমৎকার ভিডিও নির্মাণ করা হয়েছে। এ গানটিও সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’

আসিফ আকবর ও কর্ণিয়া জুটির প্রথম গান ‘কি করে তোকে বোঝাই’ প্রকাশের পরপরই শ্রোতা মহলে সাড়া ফেলে। ভিডিওতে এই জুটির পারফরম্যান্সও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। এরপর এই জুটি দর্শক-শ্রোতাদের উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় গান।

আগামী ৬ সেপ্টেম্বর ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘এলোমেলো জীবন’ গানটির মিউজিক ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।