এরশাদের অবস্থা সংকটাপন্ন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। বুধবার (২৬ জুন) সকালে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। চলতি বছরের শুরুতেও তিনি শারীরিক অসুস্থতায় সিএমএইচে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, সকালে এরশাদের শারীরিক অবস্থার অবনতি হলে সিএমএইচে নেওয়া হয়। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে জাপা চেয়ারম্যানকে।

গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এরশাদ। ভোটের মাত্র ৩ দিন আগে ২৬ ডিসেম্বর দেশে ফিরলেও নির্বাচনী ক্যাম্পেইনে যোগ দেননি। এমনকি নিজের ভোটও দিতে যেতে পারেননি সাবেক এই রাষ্ট্রপতি। অসুস্থ অবস্থার স্পিকারের কক্ষে হুইল চেয়ারে বসে আলাদাভাবে শপথ নেন এরশাদ। ২০ জানুয়ারি ফের সিঙ্গাপুরে যান চিকিৎসার জন্য। সেখান থেকে ফেরেন ৪ ফেব্রুয়ারি। তবে এখনও কোন রাজনৈতিক কর্মসূচিতে তাকে দেখা যায়নি। সংসদ অধিবেশনে মাত্র একদিনের জন্য হাজির হয়েছিলেন তাও হুইল চেয়ারে ভর করেই।