এমপি মাশরাফিকে কাছে পেয়ে মিরপুরে সতীর্থদের আনন্দ

ঘড়িতে তখন বেলা দেড়টা। ক্রিকেট একাডেমিতে মাশরাফি ঢুকতেই ছবি তোলা শুরু করলো আশেপাশের সবাই। তাদের অবস্থা দেখে তিনি হেসে বললেন, ‘আমাকে কি আপনারা নতুন দেখছেন নাকি? এমন করছেন যে!’

তারপর একটু থেমে দেশসেরা ক্রিকেট অধিনায়ক বললেন, ‘আমি পরিবর্তন আনতে চাই, তবে নিজের পরিবর্তন চাই না। ক্রিকেটার মাশরাফি হয়ে সবার হৃদয়ে বেঁচে থাকতে চাই।’

অভিনন্দন জানাতে গিয়ে একটু খুনসুটিও করলেন মুশফিকএকাডেমিতে ঢুঁ মেরে মাশরাফি চলে গেলেন জিমে। সেখানেও রেহাই নেই, নারী ক্রিকেটার থেকে শুরু করে নেট বোলার-বিসিবি কর্মচারিদের সেলফির আবদার মেটালেন হাসিমুখে।

জিমে ঢুকতে ছুটে এলেন সতীর্থ ক্রিকেটাররা। আল আমিন-নাসির-তাসকিনরা ‘মাশরাফি ভাই আমাদের এমপি’ বলে বুকে জড়িয়ে ধরলেন। কিছুক্ষণ খুনসুটি চললো তাদের সঙ্গে।

এরপর হন্তদন্ত হয়ে জিমে ঢুকলেন মোহাম্মদ আশরাফুল, অভিনন্দন জানালেন প্রিয় বন্ধুকে। মাশরাফিও নিষেধাজ্ঞা কাটিয়ে বিপিএলে ফেরা আশরাফুলের অনুশীলনের খবর নিলেন। একে একে সাকিব-তামিম-মুশফিকের ভালোবাসায় সিক্ত হলেন ‘নড়াইল এক্সপ্রেস’।

মাশরাফি যখন মিরপুর স্টেডিয়াম চত্বর থেকে বেরোচ্ছেন, তখন দেখা মাহমুদউল্লাহর সঙ্গে। মূল ফটকের সামনে দাঁড়িয়ে তার কাছে নির্বাচনের গল্প শুনছিলেন খুলনা টাইটানসের অধিনায়ক। কিন্তু সেলফি শিকারীদের জ্বালায় কী দু দণ্ড দাঁড়ানোর উপায় আছে!

কোনও রকমে মোটরসাইকেলে চড়ে স্টেডিয়ামের কাছেই বাসার পথ ধরলেন বাংলাদেশের সফলতম অধিনায়ক। যাওয়ার আগে শুধু বলে গেলেন, ‘আগামী কয়েক মাস আমি শুধু ক্রিকেট নিয়ে থাকবো। ক্রিকেটের বাইরে কিছু ভাবতে চাই না।’