নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এবার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যপদ হারালেন। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্যসচিব অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সজল।বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ফোরামের দপ্তরের দায়িত্বে থাকা অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল মাহবুব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিত অ্যাডভোকেট তৈমূরের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
এর আগে গত ২৬ ডিসেম্বর তৈমূর আলমকে নারায়ণগঞ্জ জেলার আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেয় বিএনপি। তার স্থলে যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। ২০২০ সালের ৩০ ডিসেম্বর তৈমূরকে আহ্বায়ক ও অধ্যাপক মামুন মাহমুদকে সদস্যসচিব করে নারায়ণগঞ্জ জেলা কমিটি করা হয়েছিল।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে আছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তবে এরইমধ্যে তার সব পদ কেড়ে নিয়েছে বিএনপি।
