রাজবাড়ীর বালিয়াকান্দিতে গৃহপালিত ঘোড়ার উপর নির্মম বর্বরতা চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার বিকালে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছেন, উপজেলার ধর্মতলা গ্রামের তালেব প্রধানের বড় ছেলে নুরুজামান প্রধান (৩২) তার নিজ পালিত একটি বড় লাল রংয়ের ঘোড়া বিকাল ৩ টার দিকে বাড়ির পাশের ডোবায় গোসল করাতে যান।
তখন ঘোড়াটি একটু লাফালাফি করছিল। এতেই ক্ষিপ্ত হয়ে রাগের বশে বাঁশ দিয়ে ঘোড়াটিকে এলোপাথারিভাবে আঘাত করতে থাকে নুরুজামান।
এক পর্যায়ে ঘোড়াটির শরীরের শক্তি হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে নিস্তেজ হয়ে যায়। এরপর কিছু সময়ের মধ্যেই ঘোড়াটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ধরনের নির্মমতায় গ্রামবাসী চরম ভাবে মর্মাহত।
বিষয়টি নিয়ে কথা বললে নুরুজামান প্রধান বলেন, আমার নিজের সন্তানের চেয়েও প্রিয় ছিল ঘোড়াটি। গোসলের সময় পা ছুড়ে লাফালাফি করছিল, ক্ষুরের আঘাত আমার দিকে আসছিল। বাঁশের কঞ্চি দিয়ে মেরে তাকে শান্ত করার চেষ্টা করেছি। কিন্তু সে একেবারেই শান্ত হয়ে গেছে, বলেই কাঁদতে থাকেন তিনি।
