একুশে টিভির অনুসন্ধানী বিনোদন মূলক অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য স্টোরি’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় উপস্থাপক সৈকত সালাহউদ্দিন। আর প্রযোজনা করছেন এনামূল হক। এর মধ্যে অনুষ্ঠানটির বেশ কয়েকটি পর্ব প্রচারিত হয়েছে। মুভি বাজার খ্যাত সৈকত সালাহউদ্দিনের সাবলিল উপস্থাপনায় ইতিমধ্যে অনুষ্ঠানটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।
অনুষ্ঠানের প্রতিটি পর্বে নতুন নতুন অতিথিরা এসে উপস্থিত হন। তারা জানান তাদের পেছনের গল্প। এ অনুষ্ঠানের ২৫তম পর্বের বিষয় নির্ধারণ করা হয়েছে গ্রামার ভার্সেস গ্ল্যামার। শোবিজে গুণীর কদর না রূপের কদর বেশি এ বিষয়ে কথা বলতে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। এ আড্ডার সঙ্গে থাকছে এ বিষয়ক প্রতিবেদন ও তারকাদের মতামত।
এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘বিহাইন্ড দ্য স্টোরি ২৫তম পর্বে অতিথি হয়ে সম্মানিত বোধ করছি। অনুষ্ঠানটি আলাদা, চমৎকার বিষয়ে তর্ক-বিতর্কও করেছি। আমি বিহাইন্ড দ্য স্টোরির প্রযোজক ও টিমকে অভিনন্দন জানাই।’
প্রযোজক এনামূল হক বলেন, ‘আমার প্রথম শো দর্শকপ্রিয়তায় ২৫তম পর্ব পাড়ি দেয়ায় আমি একুশে টিভির কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে অনুষ্ঠানের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই।’ আগামীকাল শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভিতে এ অনুষ্ঠানটি প্রচারিত হবে বলে জানা যায়।
