দেশে চলতি এপ্রিল মাসে দুই থেকে তিনটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ এবং একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে কিছু স্থানে।
দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসের জন্য গতকাল রবিবার বেলা ১১টায় ঢাকা ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রে সশরীরে এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্চ মাসের আবহাওয়া পর্যালোচনা করে এপ্রিল মাসের জন্য কিছু পূর্বাভাস দেওয়া হয়।
এক মাস মেয়াদী এই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এপ্রিল মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্র শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখি ঝড় বয়ে যেতে পারে। অন্যত্র ৩-৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের কালবৈশাখি ঝড় হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, এ মাসে কোথাও কোথাও ২-৩টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এপ্রিল মাসে দেশের কিছু স্থানে স্বল্প মেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে। এ মাসে সিলেট বিভাগে দেশের মধ্যে সর্বোচ্চ ১৩ দিন বৃষ্টি হবে। ঢাকা ও ময়মনসিংহে হবে আট দিন। সবচেয়ে কম পাঁচ দিন বৃষ্টি হবে খুলনায়।
