জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। প্লেব্যাক ও অডিও-এই দুই ধারাতেই সফল তিনি। আর দেশ-বিদেশের স্টেজ অনুষ্ঠানতো রয়েছেই। এদিকে দীর্ঘ পথ পাড়ি দেয়ার পরও ফাহমিদা নবী এতটুকু ক্লান্ত নন। নিত্য নতুন গান করে যাচ্ছেন। আর তার করা গানগুলো শ্রোতারা গ্রহণও করছেন ভালোভাবে। সব মিলিয়ে কেমন আছেন? ব্যস্ততা কেমন? ফাহমিদা নবী বলেন, খুব ভালো আছি। অন্তত ভালো থাকার চেষ্টা আমি করি।
আর ব্যস্ততাতো গান নিয়েই। সব সময়ই এ ব্যস্ততা থাকে। গানের মাঝে থাকাটা আমি অনেক উপভোগ করি। এতদিন ধরে কাজ করছেন। এখনও একইরকম করে গান করে যাচ্ছেন। এর রহস্য কি? ফাহমিদা নবী হেসে বলেন, কোন রহস্য নেই। সত্যি বলছি। এটা গানের প্রতি ভালোবাসা কেবল।
আসলে ভালোবাসা ছাড়া কিছু হয় না। আমি যে জায়গাটিতে কাজ করবো সেই জায়গাটাকে ভালোবাসতে না পারলে কিংবা সেই কাজে আনন্দ না পেলে ভালো করা যাবে না। গানকে ভালোবাসি, এখনও প্রতিনিয়ত শেখার চেষ্টা করি। আমি এখনও নিজেকে শিক্ষার্থী মনে করি। ছোট-বড় সবার কাছ থেকে শেখার চেষ্টা থাকে আমার। আর সাধনাটা চালিয়ে যাচ্ছি। এইতো। সারা জীবন যেন এভাবেই থাকতে পারি সেটাই চাওয়া। কাজ কি কি করছেন এখন? ফাহমিদা নবী বলেন, নতুন বেশ কিছু কাজ করছি। চমৎকার কথা ও সুরের কয়েকটি গান রেকর্ড হয়েছে। সেগুলো সামনে আসবে। এরমধ্যে একটি গানের ভিডিওর শুটিং শেষ করলাম। শহিদুল্লাহ ফরায়জীর কথায় গানটির সুর করেছে রাজন সাহা। আর এ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে লতা আচারিয়া। মিষ্টি প্রেমের এ গানটি সেভেনটিউন থেকে প্রকাশ হবে খুব তাড়াতাড়ি। আমার বিশ্বাস এটি ভালো লাগবে সবার। আপনার বাবা বরেণ্য সংগীত¯্রষ্টা মাহমুদুন্নবীর গান নিয়ে অ্যালবাম করেছেন। কদিন আগেই সেটা প্রকাশ হয়েছে। এই অনুভূতিটা কেমন? ফাহমিদা নবী বলেন, অনুভূতিতো অবশ্যই অন্যরকম। মাহমুদুন্নবীর গান গাওয়া অনেক বড় দায়িত্বের ব্যাপার। তার ওপর তিনি আমার বাবা। তার প্রতি ভক্তদের ভালোবাসা অন্য রকম। সংগীত অঙ্গনের বড়রা এখনো বলেন, তোমার বাবার মতো কণ্ঠ আজও পেলাম না! তিনি বড় ভালো মানুষ ছিলেন। তার প্রতিটি গান শ্রোতারা হৃদয়ে লালন করছেন। এমনকি নতুন প্রজন্মের কাছেও নতুন করে বারবার তিনি ফিরে আসেন তার কণ্ঠের মাধুরীতে। বেঙ্গল ফাউন্ডেশনের এই শ্রদ্ধা নিবেদনকে অনেক সম্মান জানাই। তাদের জন্য আমি ও সামিনা দুই বোন বাবার কিছু গান শ্রোতার কাছে তুলে দিলাম। বাবার মতো গাইতে পারিনি, চেষ্টা করেছি মাত্র। এই সময়ের গান কি শোনা হয় আপনার। তরুণ প্রজন্ম কেমন করছে? ফাহমিদা নবী উত্তরে বলেন, তরুণ প্রজন্মর মধ্যে অনেকেই ভালো কাজ করার চেষ্টা করছে। অনেকে ভালো করছেও। তবে বেশিরভাগই ছুটছে তারকাখ্যাতির পিছনে। ভালো কাজ করলে খ্যাতি এমনিতেই আসবে। কিন্তু গান যদি তারকা হওয়ার জন্য করা হয় তবে প্রকৃত শিল্পী হওয়া যাবে না। গানের প্রতি ভালোবাসা থাকতে হবে। চেষ্টা, পরিশ্রম, ধৈর্য্য এসব থাকতে হবে। আগে সব চেয়ে বড় কথা হলো ভালো মানুষ হতে হবে। এছাড়া একটি কথা বলতে চাই। এখন তো মিউজিক ভিডিও এবং ভিউ এর প্রতিযোগিতা চলছে। এটা ভয়াবহ একটি বিষয়। এখান থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। কারণ ভিউ দিয়ে কখনও গানের জনপ্রিযতা কিংবা মান বিচার করা যায় না। আর মৌলিক গানের ওপর আরও বেশি জোর দিতে হবে।
