মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত ও একজন আহত হয়েছে। মঙ্গলবার (৩ মে) বিকেলে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কুইচামারা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্ররা হলো- উপজেলার যদুনাথপুর ইউনিয়নের শ্রীহরিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রিপন ওরফে আলআমিন (১৬), একই গ্রামের আছর উদ্দিনের ছেলে রিপন (১৬)।
ধনবাড়ী থানার এসআই ইয়ার হোসেন বলেন, তিন বন্ধু মিলে ঈদে আনন্দ করতে মোটরসাইকেলযোগে ঘুরতে বেরিয়েছিল। তারা অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ সংলগ্ন পিলারের সঙ্গে ধাক্কা লাগে।
এতে তিন জন গুরুতর আহত হয়। তিনি আরও বলেন, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
