ক্যারিবিয়ান সফর মোটেও সুখকর হলো না লঙ্কানদের জন্য। প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টে বল টেম্পারিং করে নিষিদ্ধ হয়েছেন অধিনায়ক চান্দিমাল। চেতনা বিরোধী আচরণের কারণে শাস্তি পেলেন কোচ ও ম্যানেজার। এই শাস্তি দিয়েছেন অবশ্যই আইসিসি। তবে এবার লঙ্কান স্পিনারকে শাস্তি দিল তার দেশের ক্রিকেট বোর্ড।
গুরুতরভাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ফলে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন শ্রীলঙ্কান লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসে। আচরণগত সমস্যার কারণে ২৮ বছর বয়সী এই ক্রিকেটারকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে তার দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
তবে শুধু নিষেধাজ্ঞা কাটিয়েই পার পেয়ে যাচ্ছেন না ভ্যান্ডারসে। নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে করা হয়েছে জরিমানাও। লঙ্কান বোর্ডের সাথে বার্ষিক চুক্তি রয়েছে তার। সেই চুক্তি থেকে ২০ শতাংশ ভাতা জরিমানা হিসেবে কেটে রাখা হবে।
গত জুন মাসে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে উইন্ডিজ সফর করেছিল শ্রীলঙ্কা টেস্ট দল। ঐ দলের অংশ ছিলেন ভ্যান্ডারসেও। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ তথা বার্বাডোজ টেস্টের আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসে ভ্যান্ডারসের নামে। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় সেন্ট লুসিয়ায়, যে ম্যাচটি শ্রীলঙ্কার বল টেম্পারিং কাণ্ডের জন্য ব্যাপক আলোচিত ছিল। ড্র হওয়া ওই ম্যাচের পঞ্চম ও শেষ দিনের খেলা শেষে সতীর্থদের সঙ্গে সেন্ট লুসিয়ার একটি নাইট ক্লাবে যান ভ্যান্ডারসে। অন্য খেলোয়াড়রা নির্ধারিত সময়ে হোটেলে ফিরে আসলেও যথাসময়ে আসেননি ভ্যান্ডারসে। শুধু তা-ই নয়, পুরো রাতই তিনি ছিলেন ওই নাইট ক্লাবে।
সকালে ভ্যান্ডারসেকে টিম হোটেলে না পেয়ে শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিষয়টি সেন্ট লুসিয়ার পুলিশকে জানান হয়। অবশ্য এর কয়েক ঘণ্টা পর নিজ থেকেই হোটেলে আসেন ভ্যান্ডারসে।
হোটেলে ফিরে জেফ্রি ভ্যান্ডারসে বলেন, ‘ওরা আমাকে নাইট ক্লাবে একা রেখে এসেছিল। এরপর আমি রাস্তা হারিয়ে ফেলি।’ ওই ঘটনার পরই ভ্যান্ডারসের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসে, যার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার চলমান হোম সিরিজের টেস্ট দলে জায়গা পাননি তিনি।
ভ্যান্ডারসের শাস্তির মাত্রা অবশ্য আরো বেশি হতে পারত। তবে তিনি দোষ স্বীকার করে নেওয়ায় কঠোর হওয়ার পথ এড়িয়ে গেছে এসএলসি।
উল্লেখ্য, এর আগেও একবার আচরণগত কারণে জেফ্রি ভ্যান্ডারসেকে সতর্ক করেছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। ভারত সফরের আগে ঘরোয়া লিগের খেলা না বলে বাদ দিয়েছিলেন তিনি।
