এক পায়ে জুতো অন্য পা খালি

আজ রাত ৭টা ৫০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে নাটক ‘এক পায়ে জুতো অন্য পা খালি’। নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন, পরিচালনায় রয়েছেন শামস্ করিম। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নাবিলা ইসলাম, শরিফ হোসেন ইমন, ম আ সালাম, খায়রুল আলম টিপু প্রমুখ। কাহিনী সংক্ষেপ: সে এক মহাপ্যানা। শ্যু পরো, ইন করো, হালকা রঙের চেকশার্ট পরো। দৈনিক ক্লিন শেভ। কত ফুটানি। আর বেতন দেয় কত? সাত হাজার টাকা। মেজাজ খারাপ হয়ে যায় বি,এ (অনার্স) খায়রুল বাশারের। সামান্য এস আরের চাকরি। শার্ট আছে। দাঁড়ি নিয়েও সমস্যা নেই। সমস্যা হয়েছে তার জুতো নিয়ে। সপ্তাহ দু-এক আগে এক জোড়া শ্যু কিনেছিলো। পনেরোশ নব্বই টাকা দিয়ে। দশদিন যেতে না যেতেই বাম জুতাটার সোল ফেটে হা হয়ে গেলো। গ্যারান্টি ছিলো। কিন্তু কোম্পানি এক মাসের আগে সেটা পাল্টে দিতে পারবে না। গত তিনদিন ধরে সে জুতো ছাড়াই ফিল্ডে কাজ করছে। আজ ধরা পড়ে গেলো এরিয়া ম্যানেজারের কাছে। ম্যানেজার সরাসরি বলে দিলো শ্যু ছাড়া যেনো সে কাল থেকে কাজে না আসে। গ্রামে অসুস্থ মায়ের ওষুধের জন্য টাকা পাঠিয়ে অবশিষ্ট আছে পাঁচশত টাকা। চোরাই মার্কেটে থেকে তিনশো টাকার এক জোড়া জুতো কিনে, পরদিন জুতো পায়ে দিয়ে অফিসে যাবার জন্য তৈরি হতেই দেখে সে যে বাড়ির চিলে কোঠায় থাকে, সে বাড়ীর বাড়ীওয়ালা ভদ্রলোক ছাদে শুকোতে দেয়া সব কাপড়ের সাথে ভুলবশত তার শার্টটিও নিয়ে গেছে। বাশার দ্রুত তাকে ফলো করে নিচে নামে। এদিকে বাড়িওয়ালার মেয়ে মুন্নি বারান্দায় দাঁড়িয়ে যখন এলাকার ছেলেদের সাথে বচসায় লিপ্ত। তখনই বাশার তার শার্টটার জন্য তাদের বাসায় আসে। ক্ষিপ্ত মুন্নি হিতাহিত জ্ঞান হারিয়ে ভেতরের দরজা থেকে একটা জুতো এনে তাদের দিকে ছুঁড়ে মারে। বাশার বাইরে এসে তার একটি জুতো খুঁজে না পেয়ে অবশেষে খুঁজতে নিচে এসে দেখে, ওই যুবকদের একজনের হাতে তার জুতোটি। জুতোটি তার জেনে যুবকদ্বয় তাকে পানিশমেন্ট দেয়। আর সেটা হলো এক পায়ে জুতো পড়েই তাকে অফিস যেতে হবে। সঙ্গে উচ্চস্বরে গাইতে হবে গান। এক পায়ে জুতো আমার অন্য পা খালি।