কোনো সবজির এক কিলোগ্রামের দাম এক হাজার টাকা। এমনটা কখনো শুনেছেন? দাম শুনে অবিশ্বাস্যও লাগতে পারে। সবজিটির নাম কাটরুয়া। এটিকে নিরামিষভোজীদের আমিষ খাবারও বলা হয়।
ভারতের উত্তরপ্রদেশের পীলভীত এবং লখিমপুরের জঙ্গলে মহামূল্যবান এই সবজি পাওয়া যায়। কেন এত দাম? জানা গেছে, এই সবজিতে প্রোটিনের মাত্রা এত বেশি যে, দাম যতই চড়া হোক না কেনো, কাটরুয়ার চাহিদা কোনো সময়েই কমে না।
মূলত বর্ষাকালেই এই সবজি পাওয়া যায়। পীলভীত এবং লখিমপুরে পীলভীত টাইগার রিজার্ভ এলাকাতেই এই সবজি পাওয়া যায়। শাল এবং সেগুন গাছের গোড়ায় মাটির নিচে এই সবজি হয়।
প্রতি বছর এই সবজির দাম আগের বছরের তুলনায় বাড়ে। কিন্তু তাতেও চাহিদা কমে না। দূরদূরান্ত থেকে লোক এসে পীলভীত এবং লখিমপুরের সবজি মণ্ডি থেকে কাটরুয়া কিনে নিয়ে যান। ভরপুর প্রোটিন এবং স্বাদের জন্য এই সবজির চাহিদা হলেও, কাটরুয়া সংগ্রহে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।
টাইগার রিজার্ভের মধ্যে এই সবজি পাওয়া যায় বলে, বন্য পরিবেশ ক্ষতি হতে পারে, এই আশঙ্কায় কাটরুয়া সংগ্রহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু তার পরেও স্থানীয় লোক ঝুঁকি নিয়ে জঙ্গলে ঢুকে এই সবজি সংগ্রহ করে আনেন। এই সবজির চাহিদা যেমন মানুষের মধ্যে রয়েছে, তেমন হরিণেরও প্রিয় খাদ্য এই কাটরুয়া।
১৯৯১ সালে পীলভীতের জঙ্গলে বেশ কিছু লোক লুকিয়ে এই সবজি সংগ্রহ করছিলেন। সেই সময় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের হাতে খুন হন ২৯ জন। তাদের দেহ ঐ জঙ্গলেই পুঁতে দেওয়া হয়। পরে জানা গেছিল, জঙ্গিরা ঐ জঙ্গলে নিজেদের ডেরা বানিয়েছিল। কাটরুয়া সংগ্রহ করতে আসা লোকেদের চোখে পড়ে যাওয়ায় সেই খবর যেন বাইরে চাউর না হতে পারে, তার জন্য গুলি এবং শ্বাসরুদ্ধ করে খুন করা হয়। সূত্র: আনন্দবাজার
