প্রথমবারের একসঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন বলিউডের মিস্টার পারফেক্টমনিস্ট আমির খান ও জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। ক্যারিয়ার শুরুর পর থেকে একাধিক ব্যবসা সফল সিনেমা উপহার দিলেও শাহরুখ খান ছাড়া বাকি দুই খানের সঙ্গে কাজ করা হয়নি আলিয়ার। এবার আরো এক খানের সঙ্গে কাজ করতে যাচ্ছেন হাইওয়ে খ্যাত নায়িকা।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ভারতীয় ধর্মগুরু ভগবান শ্রী রজনীশকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করছেন শাকুন বাত্রা। বলিপাড়ায় গুঞ্জন উঠেছে, সিনেমাটিতে ধর্মগুরু শ্রী রজনীশের ব্যক্তিগত সহকারী, মা আনন্দ শীলার চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট। অন্যদিকে শ্রী রজনীশের ভূমিকায় দেখা যাবে আমির খানকে।
সিনেমাটি প্রযোজনা করবেন করন জোহর। গল্পটি নিয়ে প্রথমে ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনা করেছিলেন পরিচালক কিন্তু পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেন। এর আগে এই পরিচালকের কাপুর অ্যান্ড সন্স সিনেমায় অভিনয় করেছেন আলিয়া।
উল্লেখ্য, আলিয়া ভাট অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা রাজি। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে সিনেমাটি। বর্তমানে আয়ান মুখার্জি পরিচালিত ব্রহ্মাস্ত্র সিনেমার শুটিং করছেন আলিয়া। এছাড়া তারকাবহুল কলঙ্ক সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে। এখন দেখার বিষয় আমির খানের সঙ্গে এই অভিনেত্রীর পর্দার রসায়ন কেমন হয়।
