একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন ১৯ বছর বয়সী রুবিনা বেগম। প্রথমবারের মতো মা হয়েছেন তিনি। আল্ট্রাসনোগ্রাফি করতে গিয়ে চিকিৎসকরা দেখেন রুবিনার গর্ভে চারটি সন্তান রয়েছে।
কিন্তু আগামী মার্চের শেষে বা এপ্রিলের গোড়ায় তার প্রসব হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ভোর রাতেই তার প্রসব বেদনা ওঠে। সকাল সাড়ে ছ’টায় ভর্তি করানো হয় মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে। সকাল ৯টায় প্রসব হয় রুবিনার।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চারটি কন্যা সন্তান এবং একটি অপরিণত মাংসপিণ্ডের জন্ম দেন রুবিনা। এ বিরল ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়।
সবশেষ মেখলিগঞ্জ থেকে রুবিনা ও তার সন্তানদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
মেখলিগঞ্জ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সুজয় মুখোপাধ্যায় বলেন, ‘শিশুগুলো শারীরিকভাবে খুবই দুর্বল ছিল। তাই রেফার করা হয়েছে।’ তবে অসমর্থিত একটি বলছে, হাসপাতালে নেয়ার পথে এক সন্তানের মৃত্যু হয়। তবে বাকি তিন সন্তান ও রুবিনা ভালো রয়েছে।
মহকুমা হাসপাতালের স্ত্রী-রোগ বিশেষজ্ঞ অলোক সাঁতরা জানান, এমন ঘটনা ৮-১০ বছরে একটি ঘটে। জিনগত কারণে এমনটা ঘটতে পারে। রুবিনার স্বামী মোহাম্মদ মোকসেদ দিনমজুর। তার ওজন ছিল মোট ৩৯ কেজি। এত কম ওজনে এত বাচ্চা নিয়ে পূর্ণ গর্ভাবস্থা কাটানো কঠিন। অলোক সাঁতরা বলেন, ‘আর এক মাস পরে জন্মালে বাচ্চাদের শারীরিক অবস্থা আরও ভাল হতো।’
তিনি বলেন, ‘রুবিনার স্বাভাবিক প্রসব হয়েছে। এসব ক্ষেত্রে প্রচুর রক্তপাতের আশঙ্কা থাকে। তবে রুবিনার তেমন রক্তপাত হয়নি। তিনি সুস্থ আছেন।’
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জন্মের সময় চার কন্যার ওজন ছিল যথাক্রমে ৩৮৫ গ্রাম, ৫৮৫ গ্রাম, ৬৮২ গ্রাম ও ৯০০ গ্রাম। বাকি অসম্পূর্ণ মৃত সন্তানটির দু’টি পা ও একটি হাত তৈরি হয়েছিল।
————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে
