তুহিন হোসেন পরিচালিত ‘এক বৈশাখ’-এ নাটকটি গেলো পহেলা বৈশাখে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের পর তা ইউটিউবে প্রকাশিত হয়। আফরান নিশো ও তানজিন তিশা অভিনীত এই নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। নিশো এবং তিশার অনবদ্য অভিনয়ও বেশ প্রশংসিত হয়। গেলো ঈদেও তারা দু’জন একসঙ্গে নাটকে অভিনয় করেছিলেন। আগামী ঈদের জন্য নিশো ও তিশা আবারো তুহিন হোসেনের নির্দেশনায় একটি নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘একটি পূর্ণদৈর্ঘ্য প্রেম’ নাটকটি রচনা করেছের সারোয়ার রেজা জিমি। গত ২০ ও ২১ জুলাই রাজধানীর উত্তরা, তিনশো ফুট এলাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে নিশো সোহান চরিত্রে এবং তানজিন তিশা নবনীতা চরিত্রে অভিনয় করেছেন। নাটকের মূল গল্প প্রসঙ্গে তুহিন হোসেন বলেন, ‘দীর্ঘদিন প্রেম করলে প্রেমিক প্রেমিকা দুজনেরই ভালো মন্দ একসময় প্রকাশ হবেই। সেই ভালোটুকুকে গ্রহণ করে খারাপটুকুকে মেনে নিয়েই জীবনকে এগিয়ে নিতে হয়। এটাই মূলত এই নাটকের মূল বিষয়বস্তু।’ আফরান নিশো বলেন, ‘একটি পূণ্যদৈর্ঘ্য প্রেম নাটকটির নির্মাণ বেশ ভালো হয়েছে। তুহিন সবসময়ই বেশ পরিচ্ছন্ন কাজ করে। নির্মাণের ক্ষেত্রে তারমধ্যে কোনরকম বাড়াবাড়ি নেই। সবসময়ই আন্তরিকতা নিয়ে যতœ দিয়ে কাজটি নির্মাণ করার চেষ্টা করে। এই নাটকটির নির্মাণের ক্ষেত্রেও তাই হয়েছে। আর তিশা অভিনয়ে আগের চেয়ে আরো বেশি সিরিয়াস হয়েছে। একজন সত্যিকারের অভিনেত্রী হয়ে উঠারই চেষ্টা করছে তিশা। তার এই আগ্রহকে সাধুবাদ জানাই।’ তুহিন হোসেন জানান, নাটকটি কোরবানীর ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘শেষ পর্যন্ত’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘অনুভবে’ নাটক দুটিতে নিশোর অভিনয় বেশ প্রশংসিত হয়। অন্যদিকে তানজিন তিশা অভিনীত মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘চশমায় লেগে থাকা ভালোবাসা’, ‘বোন’ ও শিহাব শাহীনের ‘এই শহরে কেই নেই’ নাটকে তার অভিনয় বেশ প্রশংসিত হয়।
