একটা ‘বাংলা’ শব্দই জানি, মোস্তাফিজ শিখিয়েছে: ওয়ার্নার

এবারের বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন ডেভিড ওয়ার্নার। শুধু সিলেট সিক্সার্সের হয়ে খেলবেনই না তিনি। তিনি অধিনায়কের দায়িত্বও পালন করবেন এই দলের।

আর সেই দায়িত্ব পালন করতে গতকাল রাতেই ঢাকায় এসেছেন তিনি। এই ব্যাপারে ওয়ার্নার বলেন ,’ স্লো উইকেট রান তোলা কঠিন কিন্তু আমি এর আগেই এই উইকেট খেলে গিয়েছি। সুতরাং আমি খুব ভালোভাবেই জানি যে এই উইকেটে কিভাবে রান তুলতে হয়।’

সংবাদ সম্মেলন আগে সবাই তো অবাক!

‘ওই … এই দিকে আয়।’ ঠিক এভাবেই অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে বাংলায় ডাক দিলেন মোস্তাফিজুর রহমান। আর ওয়ার্নারও তার ডাকে সাড়া দিলেন। দুইজন একসঙ্গে হয়ে হাত মেলালেন। বুকে বুকও। তারপর মেতে উঠলেন আড্ডায়।

আর তাতেই উপস্থিত সাংবাদিকদের চোখ কপালে ওঠার দশা। কারণ মোস্তাফিজ যে ইংরেজি জানেন না, তা সবাই জানেন। এমনকি নিজে খুব বেশি একটা কথাও বলেন না। কিভাবে এতো সাবলীল আড্ডা দিচ্ছেন।

উত্তরটা পাওয়া গেল সন্ধ্যায় সিলেট সিক্সার্সের সংবাদ সম্মেলনের আগে।

আর সেখানেই প্রশ্ন করা হয়, ‘তুমি কি বাংলা জানো?’ হাসতে হাসতে উত্তর দিলেন, ‘ভালোবাসি।’ উপস্থিত সবাইও তাতে হাসলেন।

আর কি জানো? আবার প্রশ্ন।

এবার উত্তর দিলেন ইংরেজিতে, ‘না, ওই একটা শব্দই জানি। এটা আমাকে মোস্তাফিজ শিখিয়েছে।’

তাহলে মোস্তাফিজের সঙ্গে মাঠে কিভাবে আড্ডা দিচ্ছিলে? এমন প্রশ্নে বেশ মজার উত্তরই দিলেন ওয়ার্নার, ‘আমি মোস্তাফিজকে ইংরেজিতে বলি। আর মোস্তাফিজ আমাকে বাংলায় বলে। এর মাঝেই যা বোঝার বুঝে নেই।’ বলেই হেসে দিলেন এ অস্ট্রেলিয়ান।